Madan-Abhishek : ‘ক্ষমা চেয়ে নাও’ অভিষেককে ২ ঘণ্টার ডেডলাইন দিলেন মদন মিত্র! একুশের মঞ্চ থেকে তোপ !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ২১ জুলাইয়ের মেয়ো রোডের শহিদ স্মরণ সভার মঞ্চ থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ক্ষমা চাওয়ার জন্য অভিষেককে প্রকাশ্যে ২ ঘণ্টার সময় বেঁধে দিলেন তিনি।
বিদ্রোহী তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে মদন মিত্র সরাসরি অভিষেককে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, দলের একাংশের ‘দম্ভ’ ও ‘অহংকারে’র কারণেই সংগঠনের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। প্রবীণ নেতাদের সম্মান না দেওয়া এবং তাঁদের মতামতকে গুরুত্ব না দেওয়ার জন্যই দলে ভাঙন ধরছে বলে দাবি করেন তিনি।
পাশাপাশি অভিযোগ তোলেন, ক্যামাক স্ট্রিটের একটি অফিস থেকে সমান্তরালভাবে দল চালানো হচ্ছে। এর ফলেই কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
মদন মিত্র বলেন, “ধমকে-চমকে লাভ হবে না। ডায়মন্ড হারবারের নাম করে অন্যদের ভয় দেখানো গেলেও আমাকে ভয় দেখানো যাবে না। সিপিএমের আমলেও আমাদের ভয় দেখিয়ে দমানো যায়নি, এখনও যাবে না।”
তিনি আরও বলেন, ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে। এর জন্য অভিষেককে ২ ঘণ্টার ডেডলাইনও দেন কামারহাটির বিধায়ক।
প্রসঙ্গত, এর আগের দিন অর্থাৎ সোমবার ফেসবুক লাইভে এসেও অভিষেককে আক্রমণ করেছিলেন মদন মিত্র। তিনি বলেন, “অভিষেক আপনি তো অপরাধী, খুনি! পয়সা নিয়ে খুন করেন, সুপারি কিলার। আপনার অপরাধপ্রবণতা রয়েছে।”
উল্লেখ্য, একই দিনে শহরের অন্য প্রান্তে তারামণ্ডলের সভামঞ্চ থেকে ঋতব্রত শিবিরকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বলা হয়, দলের মধ্যে যাদের মেরুদণ্ড নেই তাদের আর ফেরানো হবে না।
তৃণমূলের অন্দরে ভাঙনের পর একে অপরকে আক্রমণ-পালটা আক্রমণ ঘিরে এখন গোটা রাজ্যে জোর চর্চা শুরু হয়েছে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই এই প্রকাশ্য বাক্যবাণ রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।
