আজকের দিনেবাংলার আয়না

বাসন্তীতে বিজেপির প্রচারে রণক্ষেত্র, জখম ৮ পুলিশকর্মী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,বাসন্তী: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক মাটি। বৃহস্পতিবার সকালে বাসন্তী বাজারে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ইটবৃষ্টি এবং পুলিশের ওপর হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে জখম হয়েছেন অন্তত ৮ জন পুলিশকর্মী।

এদিন সকালে বাসন্তী বাজারে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী,  প্রচার চলাকালীন তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী এসে তাঁদের কাজে বাধা দেয় এবং বচসা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। অভিযোগ, অশান্তির আশঙ্কায় পুলিশ বিজেপি প্রার্থীকে প্রচার বন্ধ করতে বলে। প্রচার বন্ধের নির্দেশে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ঠিক সেই সময়ই দু’পক্ষের মধ্যে আক্রমণ ও পালটা আক্রমণ শুরু হয়। দেখতে দেখতে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। দু’পক্ষই একে অপরকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ও লাঠি নিয়ে হামলা চালায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে রীতিমতো আক্রান্ত হতে হয় উর্দিধারীদের। ইটবৃষ্টির কবলে পড়ে আহত হন ৮ জন পুলিশকর্মী। চরম বিশৃঙ্খলার মধ্যে কোনোক্রমে ঘটনাস্থল ছেড়ে স্থানীয় ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রমে আশ্রয় নেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার।

এই ঘটনার পর যথারীতি রাজনৈতিক দোষারোপের পালা শুরু হয়েছে। বিজেপির দাবি, “আমাদের শান্তিপূর্ণ প্রচারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করে উল্টে আমাদেরই প্রচার বন্ধ করতে চেয়েছে।” তৃণমূলের পাল্টা দাবি, “এই ঘটনার সঙ্গে আমাদের কোনো যোগ নেই। আসলে বিজেপির অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে জনরোষ তৈরি হয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধের দায় আমাদের ওপর চাপানো হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *