আজকের দিনেগ্রীন রুম

৭ দিনে ক্ষমা না চাইলে এফআইআর ! দেবালয়কে আইনি নোটিস অঙ্কিতার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিউজ ডেস্ক: টলিউডের অন্দরে এবার কড়া আইনি লড়াইয়ের আবহ। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে বলপূর্বক শ্লীলতাহানি ও শারীরিক হেনস্থার বিস্ফোরক অভিযোগ এনে আইনি নোটিস পাঠালেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। সোমবার এক সাংবাদিক বৈঠক করে অঙ্কিতা স্পষ্ট জানিয়ে দেন, আগামী ৭ দিনের মধ্যে পরিচালক প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে এফআইআর  দায়ের করা হবে। অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে আইনি পথে যাওয়ার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন পরিচালক দেবালয় ভট্টাচার্যও।

কী ঘটেছিল সেই রাতে? অঙ্কিতার বিস্ফোরক দাবি

সাংবাদিক বৈঠকে অঙ্কিতা জানান, ঘটনাটি ঘটেছিল প্রায় তিন বছর আগে এক পার্টিতে। দেবালয়কে আগে থেকে চেনার কারণে তাঁর প্রতি কোনও অস্বস্তি ছিল না অভিনেত্রীর। কিন্তু অভিযোগ অনুযায়ী, পার্টির মাঝেই আচমকা অঙ্কিতার হাত ধরে টেনে একটি ঘরে নিয়ে যান দেবালয়। সেখানে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় পরিচালক তাঁকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন। কোনওরকমে নিজেকে সামলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন তিনি। বিগত তিন বছর ধরে এই ‘অভিশপ্ত স্মৃতি’ তাঁকে তাড়া করে বেড়াচ্ছে বলে দাবি করেন ‘ইষ্টি-কুটুম’ খ্যাত এই অভিনেত্রী।

ক্ষমা না চাইলে এফআইআর-এর হুঁশিয়ারি

অঙ্কিতার আইনজীবী প্রিয়ম দে ইতিমধ্যেই দেবালয় ভট্টাচার্যকে আইনি নোটিস পাঠিয়েছেন। অভিনেত্রীর সাফ কথা, তিনি কোনও আর্থিক ক্ষতিপূরণ চান না; আগামী ৭ দিনের মধ্যে দেবালয়কে ঘটনার কথা স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে তিনি আদালতের দ্বারস্থ হয়ে এফআইআর করবেন।

‘চরিত্র হননের চেষ্টা, এবার শেষ আমি করব’: পাল্টা চ্যালেঞ্জ দেবালয়ের

এই মারাত্মক অভিযোগ প্রসঙ্গে পরিচালক দেবালয় ভট্টাচার্য সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। তিনি জানান, এখনও পর্যন্ত কোনও আইনি নোটিস তাঁর হাতে পৌঁছায়নি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজমাধ্যমে তাঁর সম্মানহানির চেষ্টা করা হচ্ছে।

ফেসবুক পোস্ট ডিলিট করা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে দেবালয় জানান, পোস্টটি সম্পূর্ণ অন্য একটি বিষয় নিয়ে ছিল। একজন বন্ধুর পরামর্শেই তিনি সেটি মোছেন। শারীরিক হেনস্থার অভিযোগকে সরাসরি খণ্ডন করে পরিচালক বলেন, “কোনও প্রমাণ ছাড়া আমাকে ম্যালাইন (কালিমালিপ্ত) করা হচ্ছে। যদি আমার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ থাকে, তবে সমাজমাধ্যমে কেন? আদালতে নিয়ে যাওয়া হোক। এবার আমি আইনি পদক্ষেপ নিচ্ছি, এবার সে প্রমাণ করুক। শেষ সাংবাদিক বৈঠকটা আমিই করব।”

লাইমলাইটে অঙ্কিতা চক্রবর্তী

টেলিভিশনের পর্দায় ‘ইষ্টি-কুটুম’ ধারাবাহিকের হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অঙ্কিতা। এরপর ‘ফাগুন বউ’, ‘ভূমিকন্যা’র মতো সিরিয়াল, ‘শঙ্কর মুদি’ বা ‘ব্যোমকেশ’-এর মতো সিনেমা এবং ‘চরিত্রহীন’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়। মাঝের সময়টায় মুম্বইয়ে ‘ঝনক’ ধারাবাহিকে কাজ করছিলেন তিনি। সম্প্রতি অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিকিমে গিয়ে চুপিচুপি বিয়ে এবং মাত্র কয়েকদিনের মাথায় সেই বিয়ে ভেঙে যাওয়ার কারণেও খবরের শিরোনামে এসেছিলেন এই অভিনেত্রী।

অভিযোগ ও পাল্টা চ্যালেঞ্জের এই টানাপোড়েনে টলিউডের এই হেভিওয়েট বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *