আজকের দিনেবাংলার আয়না

একুশের ভোট-পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকে সরকারি চাকরি, ফলতার সভা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,ফলতা: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসায় আক্রান্ত ও নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ফলতার নির্বাচনী প্রচার সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, একুশের ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি দেবে নতুন বিজেপি সরকার। একই সঙ্গে ফলতার স্থানীয় আক্রান্ত কর্মীদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

স্বপ্নপূরণ ছাব্বিশে, প্রতিশ্রুতি রক্ষা মুখ্যমন্ত্রীর

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের মরিয়া চেষ্টা চালিয়েছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ— দফায় দফায় বাংলায় এসে ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। কিন্তু সেবার পদ্মশিবিরের স্বপ্নপূরণ হয়নি। ৮০-র গণ্ডিও পার করতে পারেনি তারা; একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস।

অভিযোগ, ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের ওপর ব্যাপক অত্যাচার চালায় শাসকদল। কর্মীদের বাড়ি ভাঙচুর, মারধরের পাশাপাশি ৩২১ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল বলে দাবি করে বিজেপি নেতৃত্ব।

তারপর কেটে গিয়েছে দীর্ঘ ৫ বছর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলার রাজনৈতিক মানচিত্রে ঘটেছে ঐতিহাসিক পালাবদল। বাংলার মানুষ ঢেলে আশীর্বাদ করেছে বিজেপিকে। আর মুখ্যমন্ত্রী পদে বসার পরই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, বিগত বছরগুলিতে রাজনৈতিক হিংসায় নিহত কর্মীদের পরিবারের সমস্ত দায়িত্ব নেবে তাঁর সরকার। মঙ্গলবার ফলতার সভা থেকে সেই প্রতিশ্রুতি পূরণের পথেই প্রথম বড় পদক্ষেপ করলেন তিনি।

ফলতার প্রার্থীদের জন্য বিশেষ বার্তা ও কড়া হুঁশিয়ারি

মঙ্গলবার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় নিহত ৩২১ জন বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের পাশে আমরা আছি। তাঁদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি দেওয়া হবে।”

এখানেই শেষ নয়, ফলতা অঞ্চলেও বহু বিজেপি কর্মী দীর্ঘদিন ধরে আক্রান্ত ও ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে মঞ্চ থেকেই তিনি নির্দেশ দেন, নির্বাচন প্রক্রিয়া মিটে ফল প্রকাশের পরই যেন আক্রান্ত কর্মীদের একটি সম্পূর্ণ তালিকা সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হয়। তালিকা অনুযায়ী প্রত্যেক আক্রান্ত কর্মীকে সব ধরনের সরকারি সহযোগিতা ও পুনর্বাসন দেওয়া হবে। “মুখ্যমন্ত্রী সর্বদা আপনাদের পাশে থাকবে,” এই বলে কর্মীদের আশ্বস্ত করেন শুভেন্দু অধিকারী।

রাজনৈতিক মহলের মতে, ছাব্বিশের নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর এই ঘোষণার মাধ্যমে শুভেন্দু অধিকারী একদিকে যেমন দলের নিচুতলার কর্মীদের মনোবল চাঙ্গা করলেন, তেমনই বাংলায় রাজনৈতিক হিংসার শিকার হওয়া পরিবারগুলোর ক্ষোভ প্রশমিত করার চেষ্টাও শুরু করে দিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *