উত্তরবঙ্গে কমছে বর্ষার দাপট, সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতাসহ দক্ষিণবঙ্গ
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: আবহাওয়ায় বিরাট রদবদল। উত্তরবঙ্গ থেকে এবার বৃষ্টির দাপট ক্রমশ সরছে দক্ষিণবঙ্গের দিকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও, দক্ষিণবঙ্গে বর্ষণের দাপট উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বিশেষ করে সপ্তাহান্তে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে জারি হয়েছে হলুদ সতর্কতা।
রাজস্থান টু মণিপুর: কোন সমীকরণে এই দুর্যোগ?
হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখাটি হরিয়ানা এবং উত্তরপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। পাশাপাশি একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত, যা উত্তরবঙ্গের ওপর দিয়ে প্রসারিত। এই জোড়া সিস্টেমের জেরেই দুই বঙ্গে আবহাওয়ার এই ওলটপালট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট: বুধ থেকে বাড়বে দাপট, শনি-রবিতে ভাসবে কলকাতা
মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, রোদের দেখা মেলেনি বললেই চলে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার নেবে।
-
মঙ্গলবার (আজ): পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে।
-
বুধবার: ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বর্ষার দাপট বাড়বে।
-
বৃহস্পতিবার ও শুক্রবার: দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জারি থাকবে হলুদ সতর্কতা।
-
সপ্তাহান্ত (শনি ও রবিবার): শনি ও রবিবার ভারী বৃষ্টির জেরে ভিজবে কলকাতা শহর। কলকাতা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।
কলকাতার তাপমাত্রা: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯৭ শতাংশ হওয়ায় বৃষ্টি না হলে ঘামবসা অস্বস্তি বজায় থাকবে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৭.৯ মিলিমিটার।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট: সপ্তাহান্তে স্বস্তি, তবে এখনই কাটছে না ধস-আতঙ্ক
গত কয়েকদিনের টানা অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নেমেছে। নিচু এলাকা প্লাবিত এবং নদীগুলির জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। তবে উত্তরবঙ্গবাসীর জন্য স্বস্তির খবর, সপ্তাহান্তে সেখানে বৃষ্টি কমবে।
-
মঙ্গলবার (আজ): দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।
-
বুধবার ও বৃহস্পতিবার: বুধবারও উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে।
-
শুক্রবার থেকে সপ্তাহান্ত: শুক্রবার থেকে বৃষ্টি অনেকটাই কমবে। শনি ও রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে।
