Sandeshkhali : টর্নেডোয় লণ্ডভণ্ড সন্দেশখালির একাধিক গ্রাম, বিপর্যস্ত জনজীবন !
কিউ ইন্ডিয়া বাংলা:- আচমকা সন্দেশখালিতে টর্নেডোর তাণ্ডব । যার জেরে লণ্ডভণ্ড একাধিক এলাকা! আজ ২রা মে শনিবার দুপুর আড়াইটে নাগাদ ঝড়ের দাপট দেখা যায় এলাকায়। খুলনা গ্রাম পঞ্চায়েতের শিতলিয়া, গোলাবাড়ি, মাঠের খাসপাড়া ও ঘাসিপাড়া-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ঝড়ের দাপটে বহু কাঁচা ও টিনের বাড়ির ছাউনি উড়ে যায়। ভেঙে পড়েছে গাছপালা, একাধিক বৈদ্যুতিক খুঁটি। গোটা এলাকার বিদ্যুৎ পরিষেবা পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।
কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। বসিরহাটের সন্দেশখালি এলাকাতেও প্রবল ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়েছে। একাধিক কাঁচাবাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে । একাধিক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। এমনকি খুঁটি ভেঙে পড়েছে । সন্দেশখালি খুলনা গ্রাম পঞ্চায়েতের ঘাসিপাড়াতে ঝড়ের তাণ্ডবে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক কাঁচাবাড়ির চাল উড়ে গিয়েছে খবর। গাছের ডাল ভেঙে গিয়ে পড়েছে বাড়ির চালের উপরে। রাস্তাঘাটেও গাছের ডাল বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে। প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ। স্থানীয়রা ভাঙা গাছের ডাল সরানোর কাজ শুরু করেছে। ক্ষণিকের ঝড়বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে । যার কারণে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
কালবৈশাখী ঝড়ে রাজ্যে আজ দুটি মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানা এলাকায় আর অপরটি পূর্ব বর্ধমান এর মঙ্গলকোটে।
