আমলাদের গাড়িতেও এবার বদল! ‘ব’ লোগো সরিয়ে নীল পতাকায় অশোকচক্র, নির্দেশিকা নবান্নের
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: রাজ্যে ক্ষমতা বদলের পর থেকেই একের পর এক প্রশাসনিক সংস্কারের ছবি সামনে আসছে। এবার সেই রদবদলের কোপ পড়ল রাজ্যের উচ্চপদস্থ আমলাদের সরকারি গাড়ির পতাকায়। বিগত সরকারের আমলের তৈরি বিশ্ববাংলার ‘ব’ লোগো সম্বলিত পতাকা এবার সম্পূর্ণ সরিয়ে ফেলা হচ্ছে আইএএস আধিকারিকদের গাড়ির ড্যাশবোর্ড থেকে। তার বদলে জায়গা করে নিচ্ছে গাঢ় নীল রঙের পতাকায় জাতীয় প্রতীক ‘অশোকচক্র’। এই মর্মে ইতিমধ্যেই নবান্নের তরফে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর ডিজাইন করা পতাকা অতীত
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে ডিজাইন করা বিশ্ববাংলার ‘ব’ লোগো যুক্ত আয়তাকার, লেজাকৃতি এবং ত্রিভুজাকার—এই তিন ধরনের পতাকা এতদিন আমলারা ব্যবহার করে আসছিলেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন জায়গা থেকে বিশ্ববাংলার লোগো সরানোর কাজ শুরু হয়েছিল। এবার সরকারি আধিকারিকদের গাড়ি থেকেও সেই লোগো বিদায় নিল। নবান্ন জানিয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বৈঠকে আধিকারিকদের পদমর্যাদা ও পরিচয় সুনির্দিষ্ট করতেই এই নতুন ব্যবস্থা।
পদমর্যাদা অনুযায়ী তিন রঙের ও তিন আকৃতির পতাকা
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নকশার গাঢ় নীল রঙের পতাকায় থাকবে অশোকচক্রের জলছাপ। তবে আধিকারিকদের পদ ও গুরুত্ব অনুযায়ী পতাকার আকৃতিতে আনা হয়েছে ভিন্নতা:
-
আয়তাকার পতাকা: মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব, সমমর্যাদার আধিকারিক এবং ডিভিশনাল কমিশনাররা ব্যবহার করবেন গাঢ় নীল রঙের আয়তাকার পতাকা।
-
লেজযুক্ত পতাকা: সুপার টাইম স্কেল-এর আধিকারিকদের গাড়িতে থাকবে গাঢ় নীল রঙের লেজাকৃতির পতাকা।
-
ত্রিভুজাকার পতাকা: কমিশনার, সমমর্যাদার জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড/সিলেকশন গ্রেডের আধিকারিক এবং জেলাশাসকদের (DM) জন্য নির্ধারণ করা হয়েছে ত্রিভুজাকার পতাকা।
কড়া নিয়মাবলী: ট্রাফিক আইন ভাঙলে মিলবে না ছাড়
নতুন পতাকা ব্যবহারের ক্ষেত্রে নবান্নের নির্দেশিকায় বেশ কিছু কড়া নিয়মের উল্লেখ করা হয়েছে:
-
ব্যবহারের স্থান: পতাকাটি গাড়ির বনেটের ঠিক মাঝখানে বা সামনের গ্রিলের নির্দিষ্ট স্ট্যান্ডে লাগাতে হবে।
-
শর্ত: শুধুমাত্র সরকারি ডিউটি বা দায়িত্ব পালনের সময়ই এই পতাকা গাড়িতে রাখা যাবে। ব্যক্তিগত প্রয়োজনে এটি ব্যবহার করা যাবে না।
-
আইনের চোখে সবাই সমান: এই পতাকা গাড়িতে থাকলে ট্রাফিক আইন ভঙ্গ করে কোনও বাড়তি সুবিধা বা ছাড় পাওয়া যাবে না।
-
কড়া নজরদারি: কোন আধিকারিককে কোন পতাকা ইস্যু করা হয়েছে এবং তা কোন গাড়িতে ব্যবহার হচ্ছে, তার সম্পূর্ণ ডেটাবেস বা তথ্যভাণ্ডার রাখবে নবান্ন। এই তথ্য কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গেও শেয়ার করা হবে।
ইতিমধ্যেই নতুন নকশার পতাকা তৈরির কাজ শেষ এবং আমলাদের গাড়িতে তা লাগানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
