কেরলের নার্সের সেবায় মুগ্ধ হয়ে আবেগপ্রবণ কংগ্রেস নেতা
কিউ ইন্ডিয়া বাংলা,দিল্লি: রাজনীতিবিদের ঊর্ধ্বে তিনি একজন সন্তান। অসুস্থ মায়ের জন্য উদ্বেগের সেই চিরন্তন ছবিই ধরা পড়ল রাহুল গান্ধীর আচরণে। বুধবার রাতে সোনিয়া গান্ধী হঠাৎ অসুস্থ হয়ে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি হলে, কেরলে নির্বাচনী পদযাত্রা মাঝপথে ছেড়ে তড়িঘড়ি দিল্লি ছোটেন রাহুল। সারারাত হাসপাতালের সোফায় শুয়ে কাটিয়েছেন তিনি। আর সেই নির্ঘুম রাতের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে কেরলের এক নার্সের মানবিকতার প্রশংসায় পঞ্চমুখ হলেন কংগ্রেস নেতা।
বৃহস্পতিবার একটি দলীয় সভায় ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী জানান, বুধবার রাতটা তাঁর জন্য কতটা উদ্বেগের ছিল। তিনি বলেন, “যেকোনো সন্তানের মতোই আমি মায়ের স্বাস্থ্য নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলাম। হাসপাতালের ঘরে একটি ছোট সোফায় শুয়ে রাত কাটিয়েছি।” রাহুল জানান, ডিউটিতে থাকা কেরলের এক নার্স প্রতি ঘণ্টায় সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থার খোঁজ নিতে আসছিলেন। তাঁর মৃদু হাসি এবং মায়ের হাত ধরে আশ্বস্ত করার ভঙ্গি রাহুলকে স্বস্তি দিয়েছিল। রাহুলের কথায়, “নার্সটি সারা রাত জেগেছিলেন এবং প্রতি মুহূর্তে মায়ের যত্ন নিয়েছেন। এটাই কেরলের আসল চরিত্র এবং সংস্কৃতি।” বুধবার রাত ১০টা ২২ মিনিট নাগাদ ৭৯ বছর বয়সি সোনিয়া গান্ধীকে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তির সময় তাঁর গায়ে জ্বর ছিল। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ঋতু পরিবর্তনের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোনিয়া গান্ধী চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল।
