আজকের দিনেবিশ্ব

ট্রাম্পের নির্দেশ মানব না, মাথা নত করবে না ইরান

কিউ ইন্ডিয়া বাংলা,তেহরান: মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জল্পনায় জল ঢেলে দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শর্ত বা নির্দেশ মানতে সাফ অস্বীকার করল তেহরান। বৃহস্পতিবার ইরানের সরকারি সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেশটির বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো রকম আলোচনার টেবিলে বসবে না তাঁর দেশ। উল্টে আমেরিকার দেওয়া প্রস্তাবকে কার্যত নস্যাৎ করে দিয়ে যুদ্ধের পথেই অনড় থাকার ইঙ্গিত দিয়েছে ইরান।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি তাঁর বিবৃতিতে জানিয়েছেন, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে আমেরিকার পাঠানো বার্তা তাঁদের কাছে পৌঁছেছে। তবে তিনি স্পষ্ট করেন,  বার্তা আদান-প্রদান মানেই এই নয় যে আমেরিকার সঙ্গে কোনো আলোচনা চলছে।  আরাঘচির দাবি, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন বা যুদ্ধে জয়লাভের যে লক্ষ্য আমেরিকা নিয়েছিল, তাতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরান সংঘাতের স্থায়ী সমাধান চায়, কিন্তু নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করে বা আমেরিকার শর্ত মেনে কোনো সমঝোতা হবে না।

ট্রাম্পের ‘১৫ দফা’ বনাম ইরানের পালটা শর্ত

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ দফা শর্ত দিয়েছেন, যার মধ্যে প্রধান হলো:

  1. হরমুজ প্রণালীর তালা খোলা: আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে হরমুজকে অবরুদ্ধ রাখা চলবে না।

  2. পরমাণু কর্মসূচিতে নিয়ন্ত্রণ: ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের ওপর কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ জারি করা।

অন্যদিকে, ট্রাম্পের এই প্রস্তাবকে ‘সামরিক ধ্বংসযজ্ঞ’ হিসেবে বর্ণনা করে ইরানও পালটা দুটি কঠিন শর্ত দিয়েছে:

  • ঘাঁটি প্রত্যাহার: মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে।

  • হরমুজের শুল্ক: হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিনিময়ে ইরানকে মোটা অঙ্কের অর্থ বা ‘টোল’ দিতে হবে।

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান সরকার যুদ্ধ বন্ধ করতে চাইলেও অভ্যন্তরীণ জনরোষের ভয়ে পিছিয়ে যাচ্ছে। তাঁর মতে, তেহরান এখন ‘ভীত’। তবে ইরানের নতুন সুপ্রিম লিডার ও বিদেশ দপ্তরের অবস্থানে স্পষ্ট যে, আপাতত তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *