Fisherman-Patharpratima : তিন দিনের তল্লাশি শেষে নদী থেকে উদ্ধার নিখোঁজ মৎস্যজীবীর দেহ, শোকস্তব্ধ এলাকা !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক- প্রাকৃতিক দুর্যোগ আর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে টানা তিন দিনের তল্লাশির পর অবশেষে নিখোঁজ মৎস্যজীবী কৃষ্ণ দাসের দেহ উদ্ধার করল পাথরপ্রতিমা থানার পুলিশ। গভীর সমুদ্রে মাছ ধরে ফেরার পথে নদীতে পড়ে তলিয়ে গিয়েছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার এফ বি সাবিত্রী নামের একটি মৎস্য ট্রলারে করে গভীর সমুদ্র থেকে ফিরছিলেন কৃষ্ণ দাস। পাথরপ্রতিমা ব্লকের বনশ্যামনগর সংলগ্ন নদীতে ট্রলারের মাথায় বসে থাকার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান তিনি।
ঘটনার পর থেকেই পাথরপ্রতিমা থানার পুলিশ লঞ্চ ও নৌকার সাহায্যে দিনরাত তল্লাশি অভিযান চালায়। প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার মধ্যেও থামেনি উদ্ধারকাজ। অবশেষে রবিবার বিকেলে কেপ্লট-ঠাকুরান নদী সংলগ্ন এলাকায় একটি মৃতদেহ ভাসতে দেখা যায়। স্রোতে ভেসে যাওয়ার আগেই নৌকার সাহায্যে দেহটি উদ্ধার করে পুলিশ।
পরে পরিবারের সদস্যরা এসে মৃতদেহটি শনাক্ত করেন। মৃত কৃষ্ণ দাসের বাড়ি কাকদ্বীপ থানার অক্ষয়নগর এলাকায়। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা এলাকা।
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিরলসভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ায় পাথরপ্রতিমা থানার আধিকারিক ও পুলিশ কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়রা। তাঁদের তৎপরতার ফলেই শেষ পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার সম্ভব হয়েছে বলে মত এলাকাবাসীর।
