আজকের দিনেভারতরাজনীতি

রাজ্যসভার অঙ্ক বদলের ভোট: এনডিএ-র টার্গেট ১৫০, কংগ্রেসের মাথাব্যথা ক্রস ভোটিং

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যসভার আট রাজ্যের ২৬টি আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ১৮ জুন একদফায় হবে ভোটগ্রহণ। সোমবারই জারি হচ্ছে নির্বাচনী বিজ্ঞপ্তি। এই ভোটকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে। গুজরাটে কার্যত নিশ্চিহ্ন হওয়ার মুখে কংগ্রেস। পাশাপাশি মধ্যপ্রদেশ, রাজস্থান ও ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় কাঁপছে হাত শিবির। উল্টোদিকে ১৫০-র গণ্ডি পার করার টার্গেট নিয়ে ঝাঁপাচ্ছে এনডিএ।

কমিশনের ঘোষণা অনুযায়ী, ২৬ আসনের মধ্যে ২৪টি আসনের বর্তমান সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে। বাকি দুটি আসন খালি হয়েছে সাংসদদের ইস্তফায়। অন্ধ্রপ্রদেশে ৪, গুজরাটে ৪, মধ্যপ্রদেশে ৪, রাজস্থানে ৪, কর্নাটকে ৪, ঝাড়খণ্ডে ২ এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল ও মিজোরামে ১টি করে আসনে ভোট হবে। এছাড়াও মহারাষ্ট্র ও তামিলনাড়ুর একটি করে আসনে উপনির্বাচন রয়েছে। বর্তমানে এই ২৬ আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে ১২টি। সার্বিকভাবে এনডিএ জোটের ঝুলিতে আছে আরও কয়েকটি আসন। কংগ্রেসের হাতে রয়েছে মাত্র ৪টি। এই মুহূর্তে রাজ্যসভায় এনডিএ-র মোট আসন সংখ্যা ১৪৮। এবারের ভোটে ১৭ থেকে ১৮টি আসন জিতে সেই সংখ্যাটাকে ১৫০ পার করানোই লক্ষ্য গেরুয়া শিবিরের।

কংগ্রেসের চিন্তা তিনটি জায়গায়। প্রথমত, গুজরাট থেকে রাজ্যসভায় কংগ্রেসের প্রতিনিধিত্ব শেষ হতে চলেছে। ২১ জুন মেয়াদ শেষ হচ্ছে শক্তিসিন গোহিলের। তাঁকে ফেরত পাঠানোর মতো বিধায়ক সংখ্যা কংগ্রেসের নেই। সম্ভবত স্বাধীনতার পর এই প্রথমবার গুজরাট থেকে রাজ্যসভায় কংগ্রেসের কোনও সাংসদ থাকবেন না।

দ্বিতীয়ত, ক্রস ভোটিংয়ের আতঙ্ক। মধ্যপ্রদেশে ৩টি আসনের মধ্যে ২টিতে বিজেপির জয় নিশ্চিত। তৃতীয় আসনটি জেতার মতো বিধায়ক কংগ্রেসের হাতে থাকলেও মাত্র ৬ জন বিধায়ক ক্রস ভোট করলেই হিসাব উল্টে যাবে। রাজস্থানে ৩টি আসনের মধ্যে ১টি কংগ্রেসের পাওয়ার কথা। কিন্তু প্রার্থী বাছাই নিয়ে দলের ভিতরে টানাপোড়েন চলছে। হাই কম্যান্ড চাইছে অশোক গেহলটকে রাজ্যসভায় পাঠিয়ে শচীন পাইলটের জন্য রাস্তা ফাঁকা করতে। গেহলট রাজি নন। আবার পবন খেরাও দাবিদার। তৃতীয়ত, ঝাড়খণ্ডের জট। সেখানে ২টি আসনেই ভোট। কংগ্রেস-জেএমএম জোট দুটি আসনে প্রার্থী দিলে দুটিতেই জয় নিশ্চিত। কিন্তু জেএমএম আদৌ কংগ্রেসকে একটি আসন ছাড়বে কি না, তা নিয়ে সংশয় আছে।

 

১৮ জুনের রাজ্যসভা ভোট কংগ্রেসের জন্য অগ্নিপরীক্ষা। একদিকে গুজরাটে অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে তিন রাজ্যে ঘর বাঁচানোর চ্যালেঞ্জ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে রাজ্যসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা আরও মজবুত করে ১৫০-র ম্যাজিক ফিগার ছুঁতে মরিয়া এনডিএ। ফলে ভোটের ফলাফলের দিকেই তাকিয়ে গোটা দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *