আজকের দিনেবিশ্ব

মধ্যপ্রাচ্যে আপাতত শান্তি, মার্কিন হস্তক্ষেপে হামলা থামাল ইজরায়েল-হেজবোল্লা ,দাবি ট্রাম্পের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নাবাতিয়ে ও বিউফোর্ট দুর্গ দখলের পর বেইরুটে হামলার নির্দেশ দিয়েছিল ইজরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে সেই অভিযান স্থগিত। ট্রাম্প জানালেন, ইজরায়েল ও হেজবোল্লা দুপক্ষই পাল্টা হামলা বন্ধে সম্মত হয়েছে।

শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহর এবং রবিবার কৌশলগত বিউফোর্ট দুর্গ দখল করে ইজরায়েলি সেনা। এরপরই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেইরুটের দক্ষিণাঞ্চলে হামলা ও হেজবোল্লার বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার নির্দেশ দেন।সোমবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, লেবাননে আর নতুন সৈন্য পাঠাবে না ইজরায়েল। বেইরুটের দিকে অগ্রসরমান সেনাদের ফিরিয়ে নেওয়া হয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় হেজবোল্লাও গোলাবর্ষণ বন্ধে সম্মত হয়েছে।ইজরায়েলের সংবাদমাধ্যম ও ওয়াশিংটনে লেবাননের দূতাবাসও আমেরিকার প্রস্তাব মেনে নেওয়ার কথা জানিয়েছে। লেবানন দূতাবাসের বক্তব্য, তারা এখন ইজরায়েলের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে।সংঘাতের কারণ নিয়ে দুপক্ষের অবস্থান বিপরীত। ইজরায়েলের অভিযোগ, লেবাননের মাটি ব্যবহার করে হেজবোল্লা হামলা চালাচ্ছে। লেবাননের পাল্টা দাবি, ইজরায়েল সাধারণ নাগরিকদের টার্গেট করছে। এর আগে সংঘর্ষ বিরতি হলেও দুপক্ষই তা লঙ্ঘন করেছে। ইজরায়েলের দাবি তারা শুধু হেজবোল্লার ঘাঁটিতেই হামলা চালিয়েছে।

ট্রাম্পের মতে, এই সমঝোতা সীমান্তে মাসব্যাপী চলা পাল্টাপাল্টি হামলা থামিয়ে উত্তেজনা কমাবে এবং বৃহত্তর শান্তির পথ তৈরি করবে। তবে অতীত অভিজ্ঞতা বলছে, ইজরায়েল-হেজবোল্লা সংঘর্ষ বিরতি বেশিদিন টেকেনি। তাই এই যুদ্ধবিরতি কতদিন কার্যকর থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আপাতত বেইরুট রক্ষা পেলেও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি এখনও দূরের পথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *