‘রাস্তায় থুতু ফেলো না’ বলতেই বৃদ্ধকে কিল, চড় ঘুষি ট্যাক্সি চালকের, ভাঙল পা
কিউ ইন্ডিয়া বাংলা:- ‘রাস্তায় থুতু ফেলো না’ এটা বলাই অপরাধ ছিল প্রবীণ ব্যক্তির। আর তার জন্য বৃদ্ধের কপালে জুটল কিল, চড়, ঘুষি। প্রকাশ্য রাস্তায় এক প্রবীণ ব্যক্তিকে এইভাবে মারধর করল এক যুবক। মহারাষ্ট্রের ঠানের এই ঘটনায় চাঞ্চল্য। গুরুতর জখম হয়েছেন বৃদ্ধ। ৭৬ বছরের বৃদ্ধকে পা ভেঙে গিয়েছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভ উগরে দিয়েছেন দেশবাসী। এই ভিডিও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে পৌঁছতেই তিনি অভিযুক্তের নামে খুনের ধারা যোগ করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঠাণে পশ্চিমের একটি হাসপাতালের কাছে ঘটনাটি ঘটে। অভিযোগ, এক ট্যাক্সিচালক রাস্তার ধারে বারবার কুলকুচি করে থুতু ফেলছিলেন। সেই সময় স্ত্রী সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তি সরোজ দস্তুর। তিনি ওই চালককে এই রাস্তাঘাটে থুতু না ফেলার অনুরোধ জানান।
এই সামান্য বিষয় থেকেই কথা কাটাকাটি। এর পরেই প্রচণ্ড রেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন নিশান্ত শুক্লা নামে ৪০ বছর বয়সি ওই চালক। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি প্রথমে বৃদ্ধকে ধাক্কা দেন এর পরেই গায়ে হাত তোলেন। প্রচণ্ড মারতে থাকেন। এর পর তিনি বৃদ্ধের দিকে পাথর ছুড়ে দেন। গুরুতর আঘাত পান সরোজ দস্তুর। তাঁর পা ভেঙে যায়। ভয় পেয়ে যান বৃদ্ধার, এর পর স্থানীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়তে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে প্রশ্ন তোলেন, জনস্বার্থে প্রতিবাদ করায় কীভাবে একজন প্রবীণ নাগরিককে এইভাবে হেনস্থা হতে হল।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিন্ডে-ঘনিষ্ঠ শিবসেনার কর্মীরা অভিযুক্তকে খুঁজতে শুরু করে দেন। পরে তাঁকে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘটনার ভিডিও দেখার পর ঠাণে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ। উপমুখ্যমন্ত্রীর বক্তব্য, রাস্তা নোংরা না করতে বলায় এইভাবে মারধর কোনওভাবেই মেনে নেওয়া যায় না। পাথর দিয়ে আঘাতের ফলে বৃদ্ধের মৃত্যুও হতে পারত। তবে ওই বৃদ্ধ এখনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের না করায় মামলা রুজুর প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। পুলিশ ভিডিও পরীক্ষা করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।
