R. G. Kar Case : মমতার নির্দেশে অভয়ার ভিসেরার নমুনা নষ্ট! আর জি কর কাণ্ডে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আর জি কর কাণ্ডে ভিসেরার নমুনা নষ্টের অভিযোগ তুলে ফরেন্সিক আধিকারিকের চিঠি। অভয়ার পরিবার সেই চিঠি শিয়ালদহ আদালতে জমা দিতে চায়। সিবিআইকে সত্যতা যাচাইয়ের আর্জি।
গত ২০২৪ সালের ৮ আগস্ট রাতে আর জি কর মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসক অভয়ার দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে ধর্ষণ ও খুনের প্রমাণ মেলে। ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে একমাত্র সঞ্জয় রায়কেই অভিযুক্ত করে। শিয়ালদহ আদালতের বিচারে সঞ্জয় দোষী সাব্যস্ত হয় ও যাবজ্জীবন কারাদণ্ড পায়।
কিন্তু শুরু থেকেই এই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন অভয়ার বাবা-মা। তাঁদের অভিযোগ, তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে এবং ঘটনায় আরও অনেকে জড়িত থাকলেও তারা ধরা পড়েনি। সেই অভিযোগেই নতুন মাত্রা যোগ করল এক ফরেন্সিক আধিকারিকের চিঠি।
অভয়ার বাবাকে লেখা ওই চিঠিতে ফরেন্সিক আধিকারিক দাবি করেছেন, রাজ্য ফরেন্সিক ল্যাবেই অভয়ার ভিসেরার নমুনা নষ্ট করা হয়েছে। তাঁর আরও দাবি, এই কাজের নির্দেশ এসেছিল উপরমহল থেকে। অভয়ার পরিবার এখন সেই চিঠি শিয়ালদহ আদালতের বিচারকের কাছে জমা দিতে চাইছে। একইসঙ্গে আদালতের কাছে তাঁদের আর্জি, অবিলম্বে সিবিআইকে দিয়ে চিঠির সত্যতা ও নমুনা নষ্টের অভিযোগ খতিয়ে দেখা হোক। এই চিঠি সামনে আসার পর ফের প্রশ্নের মুখে পড়েছে গোটা তদন্ত প্রক্রিয়া।
ভিসেরার নমুনা নষ্টের বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসায় আর জি কর মামলার তদন্তের স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। অভয়ার পরিবার এখনও সুবিচারের আশায় আদালতের দরজায়। গোটা ঘটনার পরবর্তী মোড় কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।
