PRABIR DAS : ৩২ বছরেই ফুটবলকে বিদায় প্রবীর দাসের, ‘মায়ের সমান’ মোহনবাগানকে স্মরণ করে আবেগঘন বার্তা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- মাত্র ৩২ বছর বয়সেই ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন প্রবীর দাস (PRABIR DAS)। স্নায়ুরোগে আক্রান্ত হয়ে শরীরের বাঁদিক অসাড় হয়ে যাওয়ার কারণেই এই কঠিন সিদ্ধান্ত বলে ফেসবুকে দীর্ঘ আবেগঘন পোস্টে জানিয়েছেন মোহনবাগানের প্রাক্তন তারকা।
ফেসবুকে প্রবীর লিখেছেন, ‘আমার এই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা মুশকিল। সব ফুটবলারই জানে, এই দিনটা আসবে। কিন্তু তৈরি ছিলাম না (PRABIR DAS)। ফুটবলই আমার জীবন।’
সোদপুরের এই সাইডব্যাকের উত্থান সেইল অ্যাকাডেমি থেকে (PRABIR DAS)। ২০১২ সালে পৈলান অ্যারোজে সই, তারপর ডেম্পো হয়ে মোহনবাগানে। তিন বছর সবুজ-মেরুন জার্সিতে সমর্থকদের অন্যতম প্রিয় হয়ে ওঠেন। আই লিগ ও ফেডারেশন কাপ জেতেন। পরে আইএসএলে গোয়া, এটিকে, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটির হয়ে খেলেছেন। এটিকে’র হয়ে আইএসএল ও বেঙ্গালুরুর হয়ে ডুরান্ড জিতেছেন। ভারতের জার্সিতে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ পর্যায়ে খেলেছেন।
মোহনবাগানকে নিয়ে তিনি লিখেছেন, ‘সেই স্বপ্নের জন্য বাড়ি ছেড়েছিলাম। তারপর মোহনবাগানে নিজের ঘরে ফিরে এসেছি (PRABIR DAS)। সবাই জানে, মোহনবাগান আমার কাছে মায়ের সমান। সমর্থকদের ভালোবাসা আমার কাছে চিরকালের সম্পদ হয়ে থাকবে।’ অবসরের পোস্টে সব ক্লাবের ছবি দিলেও মাঝে বড় করে রেখেছেন মোহনবাগানের জার্সি পরা ছবি।
অবসরের কারণ জানিয়ে প্রবীর লিখেছেন, ‘কেরালার হয়ে প্রাক-মরশুমে হঠাৎ করে শরীরের বাঁদিকে অসাড়তা অনুভব করি। পরে জানি, গুরুতর স্নায়ুরোগে ভুগছি। তখন আমার লড়াইটা শুধু মাঠে ফেরার ছিল না। ছিল, নিজের স্বাভাবিক জীবনে ফেরার লড়াই। এই অন্ধকার সময়ে আমার স্ত্রী গীতশ্রী পাশে ছিল।’
যদিও বুটজোড়া তুলে রাখছেন, ফুটবল থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না প্রবীর। তিনি জানিয়েছেন, ‘আমি অবসর নিচ্ছি বটে, তবে ফুটবলকে বিদায় জানাব না। ফুটবল আমাকে সব দিয়েছে, আমি চেষ্টা করব কিছু ফিরিয়ে দেওয়ার।’
