আজকের দিনেবাংলার আয়না

Tragic Death : মগরাহাটে পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, রাতভর খোঁজের পর জালে উদ্ধার দেহ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারাল ৯ বছরের এক শিশু। মঙ্গলবার বিকেলে নিখোঁজ হওয়ার পর রাতভর তল্লাশি চালিয়ে জাল ফেলে শিশুটির দেহ উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট থানার দক্ষিণ কটি কাটপাড়া এলাকায় পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ৯ বছরের এক শিশুর। মৃতের নাম রোহন শেখ।

জানা যায়, মঙ্গলবার বিকেল প্রায় ৪টা নাগাদ রোহন অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে খেলতে একটি পুকুরে নামে। অভিযোগ, সে জামাকাপড় খুলে জলে নামার পর থেকেই নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

রাত পর্যন্ত তল্লাশি চালানোর পর পুকুরে জাল ফেলে অনুসন্ধান করা হয়। শেষ পর্যন্ত রাতেই পুকুর থেকে রোহনের দেহ উদ্ধার হয়। দ্রুত তাকে মগরাহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

এদিকে, রোহন পুকুরে নামার পর তার সঙ্গে থাকা অন্যান্য শিশুরা কেন সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়নি, তা নিয়েও এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত করে দেখছে।

এক নিমেষের অসাবধানতায় অকালে ঝরে গেল একটা ছোট্ট প্রাণ। এই ঘটনা ফের মনে করিয়ে দিল শিশুদের জলাশয়ের কাছে একা ছাড়ার ঝুঁকির কথা। শোকস্তব্ধ গোটা কাটপাড়া এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *