HARMUZ STRAIT : হরমুজ প্রণালীর কাছে ভারতীয় জাহাজে টর্পেডো হামলা, মৃত্যু উত্তরপ্রদেশের নাবিকের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে (HARMUZ STRAIT) ফের নিহত ভারতীয় নাবিক। ওমান উপকূল দিয়ে ভারতের দিকে আসার সময় টর্পেডো হামলার মুখে পড়ল এমভি কেপ দাও নামে একটি পণ্যবাহী জাহাজ। হরমুজ প্রণালীর (HARMUZ STRAIT) খুব কাছেই এই হামলা হয়।
বুধবার ওমানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, জাহাজটি ভারতের দিকে যাচ্ছিল। সেই সময় অন্তত দু’টি টর্পেডো আছড়ে পড়ে জাহাজের উপর (HARMUZ STRAIT) । দূতাবাসের তথ্য অনুযায়ী, জাহাজে ১৯ জন ভারতীয় নাবিক ছিলেন, তাঁদের মধ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃত নাবিকের পরিচয় দূতাবাস প্রকাশ করেনি।
তবে নাবিকদের সংগঠন ‘ফরোয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া’র দাবি, মৃত নাবিকের নাম সূরজ যাদব, বাড়ি উত্তরপ্রদেশের দেওরিয়ায়। সংগঠনের মতে, জাহাজে ১৯ নয়, ২০ জন ভারতীয়-সহ মোট ২৮ জন নাবিক ছিলেন। একটি টর্পেডো আঘাত হানে সি-ডেক অ্যাকোমোডেশনে, অন্যটি ইঞ্জিন রুমের কাছে হালে। বাকি নাবিকদের অবস্থা জানতে ওমান প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বিশ্বের জ্বালানির ধমনী হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ। এই অস্থিরতার মধ্যেও ৬০টি ভারতমুখী পণ্যবাহী জাহাজ প্রণালী পেরিয়েছে এবং ৩,৯৭২ জন ভারতীয় নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। এখনও পর্যন্ত ১০ জন নাবিকের মৃত্যুর কথা জানিয়েছিল মন্ত্রক, এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। টর্পেডো হামলায় আর কোনও ভারতীয়র মৃত্যু হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
