VAIBHAV SOORYAVANSHI: এশিয়ান গেমস খেলতে গিয়েও কার্টুনে মজে বৈভব, প্রিয় চরিত্রের শহরে পা রেখে উচ্ছ্বসিত বিস্ময় ব্যাটার
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ক্রিকেটের বাইরে কার্টুনই বৈভব সূর্যবংশীর (VAIBHAV SOORYAVANSHI) দুনিয়া। এশিয়ান গেমস খেলতে জাপানে গিয়েও সেই অভ্যাস বদলায়নি ১৫ বছরের কিশোর তারকার। টোকিও থেকে ডোরেমনের ছবি পোস্ট করে লিখলেন, “নোবিতার শহর থেকে বলছি।”
অনুশীলনের ফাঁকে ১৫-২০ মিনিট সময় পেলেও কার্টুন দেখে নেয় বৈভব (VAIBHAV SOORYAVANSHI)। এই শিশুসুলভ অভ্যাসের কথা ক্রিকেটমহলের অজানা নয়। টোকিও থেকে সমাজমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছে সে, তার মধ্যে একটি জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমনের। সেই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
গত আইপিএলে এক ম্যাচের পর বৈভব (VAIBHAV SOORYAVANSHI) নিজেই বলেছিল, “আমি কোনও কিছু নিয়ে খুব একটা ভাবি না। প্রতিটা ম্যাচের আগেই আমি কার্টুন দেখি। আজকের ম্যাচের আগেও দেখেছি। কার্টুন দেখলেও ম্যাচের কথা মাথায় থাকে।” যদিও ক্রিকেটীয় ব্যস্ততা বাড়ায় এখন আর আগের মতো সময় পায় না।
এশিয়ান গেমসে বৈভবের মাঠে নামা অবশ্য অনিশ্চিত। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তাকে একটিও ম্যাচ খেলাননি কোচ গৌতম গম্ভীর। তিনি স্পষ্ট বলেছেন, বৈভবকে এখন অপেক্ষা করতে হবে।
আগ্রাসী ব্যাটিংয়ের জন্য নজর কেড়েছে বৈভব। গত দুটি আইপিএল এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সাফল্যের পর শ্রেয়স আয়ারের দলে সুযোগ পেয়েছে। প্রথম একাদশে নিয়মিত না হলেও দেশের হয়ে ইতিমধ্যেই পাঁচটি টি-টোয়েন্টি খেলে ফেলেছে কিশোর ব্যাটার।
