ট্রাম্পের ‘লাল সঙ্কেত’ উপেক্ষা, ভোররাতে ইরানের বুকে ইজরায়েলি মিসাইলের ঝড়!
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নিষেধ উড়িয়ে দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার ভোররাতের অন্ধকার চিরে ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের একাধিক সামরিক ঘাঁটিতে আছড়ে পড়ল ইজরায়েলি মিসাইল।
ইরানের পশ্চিমাঞ্চলে ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের সামরিক ঘাঁটি, ড্রোন ঘাঁটি ও মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে। মধ্য ইরানে রয়েছে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও কম্যান্ড সেন্টার। সোমবার ভোরে দুটি এলাকাতেই একযোগে হামলা চালায় ইজরায়েল। আছড়ে পড়ে একের পর এক মিসাইল। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। হামলার পরেই ইজরায়েলি ডিফেন্স ফোর্স সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে পশ্চিম ও মধ্য ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েলের সেনা।’ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ঘটনার সূত্রপাত দাহিয়েহতে এয়ার স্ট্রাইক দিয়ে। হেজবোল্লার শক্ত ঘাঁটিতে হামলা করেছিল ইজরায়েল। পাল্টা রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। যদিও ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আকাশেই মিসাইল নিষ্ক্রিয় করে দেয়। এরপরই আসরে নামেন ট্রাম্প। তিনি বলেন, ‘এখনই বিবিকে ফোন করব। বলব, তিনি যেন পাল্টা আক্রমণ না করেন।’ ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আমেরিকার চুক্তি প্রায় চূড়ান্ত। এই পরিস্থিতিতে হামলা চালালে সব ভেস্তে যাবে। নেতানিয়াহুকে ফোনও করেন তিনি। ‘ফিনান্সিয়াল টাইমস’-কে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমেরিকা কোনও চুক্তি করলে তা মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনও উপায় নেই। সিদ্ধান্ত আমিই নিই। তিনি নেন না।’ কিন্তু ট্রাম্পের পরামর্শ উপেক্ষা করেই ফের হামলা চালাল ইজরায়েল।
ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও ইরানে হামলা চালিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন নেতানিয়াহু। আমেরিকা-ইরান চুক্তির মুখে দাঁড়িয়ে এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াল। পাল্টা ইরান কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
