‘আমার লাল বলের ক্রিকেট কেউ দেখেনি’, টেস্ট খেলতে তৈরি বৈভব সূর্যবংশী
কিউ ইন্ডিয়া বাংলা,নিউজ ডেস্ক:- আইপিএলে ঝড় তুলে সিনিয়র টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বৈভব সূর্যবংশী। তবে ছক্কার ঝড় তোলা এই ব্যাটার জানালেন, লাল বলের ক্রিকেটের জন্যও তিনি পুরোপুরি তৈরি। তিন ফরম্যাটেই ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখছেন বিহারের এই তরুণ।
রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্দেরের সঙ্গে কথা বলার সময় টেস্ট প্রসঙ্গ টেনে আনেন বৈভব। বলেন, “অনেকেই প্রশ্ন করে, ভবিষ্যতে আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই কি না। আমি এখনই লাল বলে অনেক অনুশীলন করি। ভবিষ্যতেও করব। আমার রাজ্যের হয়ে লাল বলে অনেক ম্যাচ খেলেছি। এখনও খেলি। লাল বলের ক্রিকেট খেলতে আমি তৈরি।”
আগ্রাসী ব্যাটিং দেখে সবাই ভাবে সে শুধু ছোট ফরম্যাটের খেলোয়াড়। কিন্তু বৈভবের দাবি, ফরম্যাট বুঝে ব্যাট করেন তিনি। তাঁর কথায়, “আমি লাল বলের ক্রিকেট খেলতে চাই। তাই অনুশীলনও করি। টি-টোয়েন্টি চার-ছক্কার খেলা বলেই এই ভাবে ব্যাট করি। যে ফরম্যাটে যেমন ব্যাট করা উচিত সেটাই করব। আমার স্বপ্ন, ভারতের হয়ে তিনটে ফরম্যাটেই খেলা। বাকিটা ঈশ্বরের হাতে।”
মাত্র ১২ বছর বয়সে বিহারের হয়ে রঞ্জিতে অভিষেক হয়েছিল বৈভবের। ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ বলে শতরান করেন তিনি। অনূর্ধ্ব-১৯ স্তরে টেস্টে এটি কোনও ভারতীয়ের করা দ্রুততম শতরান। পরের বছর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে আরও একটি শতরান করেন। অনূর্ধ্ব-১৯ স্তরে বৈভবই প্রথম ব্যাটার যার দুটি শতরান রয়েছে।
বৈভবের টেস্ট খেলার ক্ষমতা নিয়ে সরব হয়েছেন চেতেশ্বর পুজারা, রবিচন্দ্রন অশ্বিন ও ডেল স্টেন। তিন জনের মতেই, বৈভব ভারতের হয়ে তিন ফরম্যাটে খেলার যোগ্য। অশ্বিনের পরামর্শ, ভারতের টেস্ট দলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনার হিসাবে খেলানো উচিত বৈভবকে। তিন নম্বরে নামবেন লোকেশ রাহুল।
টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলের দরজা খুললেও বৈভবের নজর লাল বলের ক্রিকেটে। অনূর্ধ্ব-১৯ স্তরে জোড়া শতরান আর রঞ্জির অভিজ্ঞতা নিয়ে টেস্টের জন্য তৈরি তিনি। পুজারা, অশ্বিনদের সমর্থন আর নিজের আত্মবিশ্বাসে ভর করে তিন ফরম্যাটের ক্রিকেটার হওয়ার দৌড়ে নামছেন বৈভব সূর্যবংশী।
