আজকের দিনেতিলোত্তমা

মেসি কাণ্ডে জোড়া ধাক্কা অরূপ বিশ্বাসের, হাই কোর্টেও মিলল না রক্ষাকবচ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: –মেসির কলকাতা সফর ঘিরে টিকিট কালোবাজারি ও প্রতারণার অভিযোগে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বারাসত আদালতের পর এবার কলকাতা হাই কোর্টেও আগাম জামিনের আবেদনে ধাক্কা খেলেন তিনি। রক্ষাকবচ মিলল না।

গত ডিসেম্বরে মেসির ‘গোট ট্যুর’ উপলক্ষে কলকাতায় একটি প্রদর্শনী ম্যাচ ও ফ্যান ইভেন্টের আয়োজন করা হয়। অভিযোগ, সেই ইভেন্টের টিকিট নিয়ে ব্যাপক কালোবাজারি হয়। বহু দর্শক চড়া দামে টিকিট কিনেও মাঠে ঢুকতে পারেননি। ইভেন্টে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ওঠে গাফিলতির অভিযোগ। মাঠে অতিরিক্ত দর্শক ঢুকে পড়ায় তৈরি হয় বিশৃঙ্খলা।

এই ঘটনায় গত ১৭ মে মেসির ‘গোট ট্যুর’ আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগ, টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি ও প্রতারণা। ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫), ৩০৮(২), ৩১৮(৪), ৩৫১(২), ৬১(২) ধারায় মামলা রুজু হয়।

এর ভিত্তিতে গত ৪ জুন অরূপকে থানায় হাজিরার নির্দেশ দেয় পুলিশ। অসুস্থতার কারণ দেখিয়ে সময় চান তিনি। তবে মেডিক্যাল রিপোর্ট জমা না দেওয়ায় সেই আবেদন খারিজ করে পুলিশ। সোমবার সকাল ১১টার মধ্যে হাজিরার নোটিস দেওয়া হয়। রবিবার তাঁর বাড়িতে দুটি নোটিসও সাঁটে পুলিশ।

এদিকে গ্রেপ্তারি এড়াতে প্রথমে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন অরূপ। তা খারিজ হয়। এরপর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। মঙ্গলবার জরুরি শুনানির আর্জি জানানো হয়। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানান, নিয়ম মেনেই শুনানি হবে। এই ধরনের মামলাকে অগ্রাধিকার দেওয়া যায় না। আদালতের পরামর্শ, গ্রেপ্তারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করুন।

মেসির ইভেন্টে বিশৃঙ্খলা ও প্রতারণার অভিযোগে হাই কোর্টে রক্ষাকবচ না মেলায় চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের উপর। সোমবারের হাজিরার নির্দেশও মানেননি তিনি। আইনজীবী মারফতও থানায় কিছু জানাননি। এবার পুলিশের পরবর্তী পদক্ষেপ গ্রেপ্তারি কি না, সেদিকেই নজর সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *