ভোটের আগে অস্বস্তিতে গাইঘাটার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে এখন বিধানসভা ভোটের উত্তাপ। আর ভোটের মুখে বিতর্কের কেন্দ্রে গাইঘাটার বিজেপি প্রার্থী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুর। তার একটি অশ্লীল ভিডিও ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা ) । সেখানে সুব্রত ঠাকুরকে এক মহিলার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। ঘটনা জানাজানি হতেই শুরু হয়েছে শোরগোল , যা নিয়ে প্রবল অস্বস্তিতে গেরুয়া শিবির ।
সমাজ মাধ্যমে ভিডিও ভাইরাল হতেই সুব্রত ঠাকুরের সমর্থনে নিজেদের মত প্রকাশ করেছে সারা ভারত মতুয়া মহাসংঘ। সংগঠনের পক্ষ থেকে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের দাবি, এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। ভাইরাল ভিডিও প্রসঙ্গে মুখ খুলেছেন গাইঘাটার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। তিনি স্পষ্ট জানিয়েছেন, “এটা সম্পূর্ণ এআই-নির্মিত ভুয়ো ভিডিও। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে তৃণমূল ব্যক্তিগত আক্রমণের পথে নেমেছে।” যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। বনগাঁ সংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন ” ‘‘আমি নিজে এই ভিডিও দেখিনি। তবে তৃণমূল এই ধরনের কালচারের সঙ্গে যুক্ত নয়।’’
ঘটনায় বিজেপিরই এক মহিলা নেত্রী তনিমা সেন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন “আগেই বলেছিলাম, সুব্রত ঠাকুরের চরিত্র খারাপ। উপযুক্ত প্রমাণ আমার কাছে রয়েছে। এবার প্রমাণ হল। ঠাকুর বাড়ির প্রতিনিধি ও বিজেপি প্রার্থী তাঁর চরিত্রে দাগ থাকবে কেন?” প্রসঙ্গত তনিমা সেন নির্দল প্রার্থী হিসেবে গাইঘাটা থেকে লড়ছেন। নির্বাচনের আগে এই ঘটনা বিজেপিকে বেকায়দায় ফেলবে মত রাজনৈতিক মহলের।
