‘বার্নল-বোরোলিন মজুত রাখুন’, ভোটের আগে তৃণমূলকে পাল্টা ‘খোঁচা’ কমিশনের? তুঙ্গে রাজনৈতিক তরজা
কিউ ইন্ডিয়া বাংলাঃ কলকাতা: বাংলায় প্রথম দফার ভোটের কাউন্টডাউন শুরু। প্রচারের ময়দানে যখন যুযুধান পক্ষগুলোর আক্রমণ-পাল্টা আক্রমণে পারদ চড়ছে, ঠিক তখনই এক নজিরবিহীন ‘সোশাল মিডিয়া পোস্ট’ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার আর শুধু প্রশাসনিক নির্দেশিকা নয়, সরাসরি সিনেমার গানের কলি এবং ‘বার্নল-বোরোলিন’ ব্যবহারের পরামর্শ দিয়ে চর্চায় উঠে এল নির্বাচন কমিশন।
দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের সোশাল মিডিয়া পেজ থেকে সম্প্রতি আমির খান ও মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমার একটি জনপ্রিয় গানের লিঙ্ক শেয়ার করা হয়েছে। গানের কলিটি হলো— ‘হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে/ ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বালায়েঙ্গে…’। শুধু গান শেয়ার করেই ক্ষান্ত থাকেনি কমিশন, এর ক্যাপশনে দেওয়া হয়েছে কড়া ও ইঙ্গিতপূর্ণ বার্তা। কমিশনের ওই পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লেখা হয়েছে, “সকল মা, বোন ও ভাইদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান করা হচ্ছে। যদিও কিছু লোক এতে জ্বলতে পারে। গুণ্ডা, অপরাধীরা সাবধান। নিজেদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বার্নল ও বোরোলিন মজুত রাখুন। না হলে উত্তাপ এতটাই বাড়বে যে আপনারা পুড়ে যাবেন।” এখানেই শেষ নয়, বার্তায় আরও জানানো হয়েছে যে, যদি কেউ ভোটে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে যেখানে বার্নল বা বোরোলিনও কোনো কাজে আসবে না। ভোট ঘোষণার পর থেকেই প্রশাসনিক রদবদল এবং এসআইআর তালিকা নিয়ে কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘাত বারেবারে প্রকাশ্যে এসেছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, শাসকদলের সেই ক্রমাগত আক্রমণের পাল্টা জবাব দিতেই এবার কিছুটা ‘রঙ্গ’ মেশানো ভাষায় কড়া বার্তা দিল কমিশন।
প্রার্থীরা যখন প্রচারে নেমে মাছ ধরা বা দাড়ি কামানোর মতো কর্মকাণ্ডে ব্যস্ত, তখন কমিশনও পিছিয়ে নেই। সাধারণ মানুষের কাছে পৌঁছাতে এবং দুষ্কৃতীদের সতর্ক করতে সিনেমার সংলাপ বা গানের ব্যবহার ইদানীং জনপ্রিয় কৌশল হয়ে দাঁড়িয়েছে। তবে এই পোস্টে সরাসরি ‘বার্নল’ ব্যবহারের কথা বলায় তা শাসকদলকে লক্ষ্য করে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। শান্তিপূর্ণ নির্বাচন করাই কমিশনের লক্ষ্য, নাকি এই পোস্টের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক ইঙ্গিত? উত্তর যাই হোক, ভোটের বাংলায় আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই ‘বার্নল ও বোরোলিন’।
