আজকের দিনেবাংলার আয়না

ভোট আবহে কল্যাণীর স্কুলে বিশাল বিস্ফোরণ, উড়ে গেল ছাদ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে এখন বিধানসভা নির্বাচনের আবহ । আচমকা নদীয়া জেলার কল্যাণীর ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের দোতলায় আচমকা বিস্ফোরণ ঘটে । কেঁপে ওঠে গোটা বিদ্যালয় । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শগুনা গ্রাম পঞ্চায়েত এলাকায় । বিস্ফোরণের অতিরিক্ত তীব্রতার কারণে ভেঙে পড়ে অ্যাসবেস্টস এর একাংশ । ঘটনায় হতাহতের কোন খবর নেই । তদন্ত শুরু হয়েছে ।

সূত্রের খবর আজ ১১ই এপ্রিল শনিবার দুপুর একটা নাগাদ নদীয়ার কল্যানী বিধানসভার অন্তর্গত সুগুনা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের দোতলার চিলেকোঠায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে । বিস্ফোরণের তীব্রতার কারণে কেঁপে ওঠে গোটা বিদ্যালয় চত্বর । সৌভাগ্যবশত ওই সময় বিদ্যালয়ে কোন ছাত্র-ছাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সেই সময় বিদ্যালয়ে চারজন শিক্ষক উপস্থিত ছিলেন বিস্ফোরণের আওয়াজ পেয়ে তারা বাইরে বেরিয়ে আসেন। ঘটনায় দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিরাট বাহিনী এবং সঙ্গে পৌঁছান কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা । চারিদিক খতিয়ে দেখা হয় এবং ড্রোন দিয়ে তল্লাশি চালানো হয় বলে খবর । একটি বিদ্যালয়ের মধ্যে এই ধরনের ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে আতঙ্কিত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা ।

বিদ্যালয়ের ভিতরে কিভাবে বিস্ফোরক এল সেটা নিয়েই চিন্তিত সকলে। কে বা কারা বিস্ফোরক রেখেছিল সেই তথ্য খুঁজে বের করতে সব রকম চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা । ঘটনার সঙ্গে সমাজবিরোধীদের যুক্ত থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *