বিশাল প্রাপ্তি ইরানের! বাজেয়াপ্ত করে রাখা সম্পদ কি ফিরে পাবেন তারা?
কিউ ইন্ডিয়া বাংলা : – আমেরিকা এবং ইরানের মধ্যে পাকিস্তানে এই মুহূর্তে ‘শান্তি বৈঠক’ চলছে । সেই আবহেই বড় খবর প্রকাশ্যে এল। সংযুক্ত আরব কাতারে এতদিন ধরে ইরানের আটকে রাখা সম্পদ ছেড়ে দিতে রাজি হল আমেরিকা। কাতার এবং অন্য ব্যাঙ্কে ইরানের যত সম্পদ বাজেয়াপ্ত করে রাখা হয়েছিল, তা ছেড়ে দিতে আমেরিকা সম্মত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তেহরান।
আমেরিকার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম এই খবর সামনে এনেছে। কাতার এবং বিভিন্ন দেশের ব্যাঙ্কে ইরানের যত সম্পদ আটকে রাখা হয়েছিল, তা ছেড়ে দিতে আমেরিকা রাজি হয়েছে বলে জানা গিয়েছে। আমেরিকার এই সিদ্ধান্ত তাদের ‘সিরিয়াসনেসে’র পরিচায়ক বলে মনে করছে তেহরান। এতে শান্তিচুক্তির পথ আরো প্রশস্ত হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা । হরমুজ প্রণালীকে স্বাভাবিক করার ক্ষেত্রে সম্পদ ফিরে পাওয়া ইরানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঠিক কত পরিমাণ সম্পদ ইরানকে ফিরিয়ে দিতে রাজি হয়েছে আমেরিকা, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে কাতারে থাকা ৬ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ ইরানের হাতে তুলে দিতে আমেরিকা রাজি হয়েছে বলে খবর।
প্রসঙ্গত বিগত ২০১৮ সালে কাতারে ইরানের ওই ৬ বিলিয়ন ডলার মূল্য়ের সম্পদ বাজেয়াপ্ত করে আমেরিকা। ২০২৩ সালেই ওই সম্পদ ইরানের হাতে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর ইরানের সহযোগী বলে পরিচিত হামাস ইজ়রায়েলে রকেট ছোড়ে, যার দরুণ জো বাইডেন সরকার ওই সম্পদ ইরানের হাতে তুলে দেওয়া থেকে পিছু হটে। সেই সময় আমেরিকা জানায়, অদূর ভবিষ্যতে আর ওই টাকার নাগাল পাবে না ইরান। তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছে আমেরিকা। ৬ বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় ৫৬ হাজার ৩৪০ কোটি টাকা।
ইরান এই সম্পদ ফিরে পেলে তারা হরমুজ প্রণালী নিয়ে আরো নমনীয় হবে বলে মনে করা হচ্ছে l এবার দেখার অপেক্ষা এটাই ইরান – আমেরিকা সম্পর্ক কোন দিকে মোড় নেয় ?
