Dilip Ghosh : মমতাকে ১৫ বছর ‘চুপ থাকা’র পরামর্শ দিলীপ ঘোষের, বললেন প্রায়শ্চিত্ত করুন !
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার তীব্র আক্রমণ শানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। মমতাকে আগামী ১৫ বছর ‘চুপ করে থাকা’র পাশাপাশি প্রায়শ্চিত্ত করার পরামর্শও দিলেন তিনি। শনিবার খড়গপুরে চা-চক্রে যোগ দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ।
শনিবার সকালে খড়গপুরে চা-চক্রে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “জনরোষ কী জিনিস সেটা এখন বোঝা যাচ্ছে। রাস্তাঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চোর শুনতে হচ্ছে। ১৫ বছরে কাজ করার যদি এটাই পুরস্কার হয়, তাহলে তাঁর অন্তত উপলব্ধি করা উচিত কী করেছেন। ১৫ বছর চুপ করে থাকুন, প্রায়শ্চিত্ত করুন, মানুষের কাছে অপরাধ স্বীকার করুন।”
গত ১৫ বছরে বিভিন্ন ভুল কাজের জন্য আত্মসমালোচনা করে মমতাকে মানুষের কাছে অপরাধ স্বীকার করার কথাও বলেন তিনি। দিলীপের দাবি, জনরোষের মুখে পড়ে এখন তৃণমূলের বহু নেতা ও জনপ্রতিনিধি প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সাম্প্রতিক সভায় দলের বহু সদস্যের অনুপস্থিতি নিয়েও কটাক্ষ করেন পঞ্চায়েত মন্ত্রী। একইসঙ্গে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কার্যালয়ে প্রধান, সভাপতি এবং সদস্যদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তিনি।
দিলীপ ঘোষের বক্তব্য, বহু জনপ্রতিনিধি জানেন যে ভোট লুট করে ক্ষমতায় এসেছেন বলেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। তাই অনেকে অফিসে আসছেন না। তবে প্রশাসনিক কাজ কোনওভাবেই বন্ধ হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
যেখানে প্রধান বা সভাপতিরা কাজে যোগ দিচ্ছেন না, সেখানে সরকারি আধিকারিকদের দিয়েই কাজ চালানো হবে এবং প্রয়োজনে সরকার পরবর্তী নির্দেশ দেবে বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। মমতাকে নিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হল।
