আজকের দিনেবাংলার আয়না

Bengal-Holding Centers : অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়তে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ রাজ্যের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়ায় গতি আনতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের প্রতিটি জেলায় এবার তৈরি হবে ‘হোল্ডিং সেন্টার’। শুক্রবার স্বরাষ্ট্র দপ্তরের ফরেনার্স ব্রাঞ্চ থেকে সমস্ত জেলাশাসকের কাছে পাঠানো হল কড়া নির্দেশিকা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশনের গাইডলাইন মেনেই এই পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে, বেআইনি ভাবে ভারতে বসবাসের অভিযোগে ধৃত বিদেশি নাগরিক এবং সাজা শেষ হওয়ার পরেও যাঁদের ফেরানো বাকি, তাঁদের রাখার জন্য প্রতিটি জেলায় পৃথক হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের চিহ্নিত করে ডিপোর্টেশন বা রিপ্যাট্রিয়েশনের কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে।

২৩ মে ২০২৬ তারিখে জারি হওয়া এই বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে রাজ্যের ডিজি ও আইজিপি, সমস্ত পুলিশ কমিশনারেট, জেলা পুলিশ সুপার এবং কলকাতার FRRO-র কাছেও।

সীমান্তবর্তী রাজ্য হওয়ায় পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের বিষয়টি দীর্ঘদিন ধরেই উদ্বেগের। গত কয়েক মাসে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও কোচবিহার থেকে দফায় দফায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। মালদায় ভুয়ো আধার কার্ড নিয়ে ধরা পড়েছে একাধিক রোহিঙ্গা। এমনকি কলকাতার বিভিন্ন বস্তি এলাকাতেও বেআইনি অনুপ্রবেশকারীদের আশ্রয় নেওয়ার তথ্য উঠে এসেছে গোয়েন্দা রিপোর্টে। এই আবহে হোল্ডিং সেন্টার তৈরি করে‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ ফর্মুলায় কাজ শুরু করতে চাইছে প্রশাসন।

অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝেই হোল্ডিং সেন্টার তৈরির এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। সীমান্তে কাঁটাতার ও নজরদারি বাড়ানোর পাশাপাশি রাজ্যের ভিতরে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে পারলে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা দুই-ই জোরদার হবে। এখন দেখার, জেলা প্রশাসন কত দ্রুত এই নির্দেশ কার্যকর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *