আজকের দিনেভারত

Rail-Passenger : যাত্রীদের ভোগান্তি কমাতে, আসছে IRCTC-র নতুন ওয়েবসাইট !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- তৎকাল বুকিংয়ে সাইট হ্যাং, ওটিপি দেরি আর ক্যাপচা মেলানোর চক্করে টিকিট হাতছাড়ার দিন শেষ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন, আগামী ১৫ জুলাই সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করছে IRCTC-র ওয়েবসাইট। কোটি কোটি রেলযাত্রীর দীর্ঘদিনের ভোগান্তি কমাতেই বড়সড় আপগ্রেড আনছে ভারতীয় রেল।

সম্প্রতি জয়পুরের মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় উৎসবের মরসুমে টিকিট কাটতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তির কথা ওঠে। এক ছাত্রের অভিযোগ শুনেই মঞ্চ থেকে রেল অধিকারিককে ফোন করেন রেলমন্ত্রী। ৩০ দিনের মধ্যে স্থায়ী সমাধান সম্ভব কি না জানতে চান। এরপরই ঘোষণা করেন, ১৫ জুলাইয়ের মধ্যেই আপগ্রেডেড ও আধুনিক ওয়েবসাইট লাইভ হবে। সেই কথোপকথনের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ IRCTC পোর্টাল ব্যবহার করেন। কিন্তু সকাল ১০টা ও ১১টায় তৎকাল বুকিং শুরু হতেই সাইটের গতি শামুকের মতো ধীর হয়ে যায়। পেমেন্ট ফেইল, বুকিংয়ের মাঝপথে সাইট ক্র্যাশ ও ওটিপি জটে নিমেষে শেষ হয় টিকিট। যাত্রীদের দীর্ঘদিনের এই ক্ষোভ মেটাতেই মেগা আপগ্রেডের সিদ্ধান্ত।

নতুন প্ল্যাটফর্ম এমনভাবে তৈরি হচ্ছে যাতে পিক আওয়ারেও ভারী ট্রাফিক সামলানো যায়। যাত্রীরা পাবেন দ্রুত টিকিট বুকিং, তৎকালের সময় সাইট হ্যাং হওয়ার সমস্যা থেকে মুক্তি, সহজ ইউজার ইন্টারফেস। বিমানের মতো ট্রেনেও পছন্দের সিট বেছে নেওয়ার আধুনিক ফিচার যুক্ত হতে পারে বলে রিপোর্ট।

১৫ জুলাই থেকে বদলে যাবে IRCTC-তে টিকিট কাটার অভিজ্ঞতা। ক্যাপচা জট, ওটিপি দেরি আর সাইট ক্র্যাশের পুরনো ছবি সরিয়ে দ্রুত, মসৃণ ও যাত্রীবান্ধব পরিষেবা দিতেই এই আপগ্রেড। নতুন ওয়েবসাইট চালু হলে তৎকালের সময় টিকিট হাতছাড়ার দুশ্চিন্তা ও যাত্রী ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা রেলমন্ত্রকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *