Public Welfare Camp : অন্নপূর্ণা-আয়ুষ্মান-জব কার্ডের আবেদন এক ছাতার তলায়, আজ থেকে ব্লকে ব্লকে তিন দিনের ‘জনকল্যাণ শিবির’ !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- সরকারি পরিষেবা আরও সহজে ও দ্রুত পৌঁছে দিতে আজ ১৫ ই জুন সোমবার থেকে বুধবার ১৭ই জুন পর্যন্ত রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’। ব্লক ও জেলা স্তরে আয়োজিত এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, জব কার্ড-সহ স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সামাজিক সুরক্ষার একাধিক প্রকল্পে সরাসরি আবেদন করা যাবে।
নবান্ন সূত্রে খবর, ‘দুয়ারে সরকার’-এর আদলেই নতুন এই উদ্যোগ। যাঁরা এখনও সরকারি প্রকল্পের সুবিধা পাননি, তাঁরা শিবিরে এসে সরাসরি আবেদন করতে পারবেন। তথ্যের অভাবে বঞ্চনা ঠেকাতে সব দফতরের প্রতিনিধিরা থাকবেন শিবিরে। আবেদন গ্রহণ ও প্রাথমিক যাচাইয়ের কাজ হবে দ্রুত।
এই শিবিরে স্বাস্থ্যবিমা ‘আয়ুষ্মান ভারত’, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আধার এনরোলমেন্ট, সিএএ-তে আবেদন, জমির মিউটেশন ও পাট্টা, ই-শ্রম, পিএম শ্রম যোগী মানধন, অন্নপূর্ণা যোজনা, সুকন্যা সমৃদ্ধি, কন্যাশ্রী-বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে আবেদন নেওয়া হবে।
কৃষকদের জন্য থাকছে পিএম কিসান সম্মান নিধি, কিসান ক্রেডিট কার্ড, মাটির স্বাস্থ্য কার্ড, কৃষি পরিকাঠামো তহবিলের আবেদন। অনগ্রসর শ্রেণির জন্য প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ, শিক্ষাশ্রী, মেধাশ্রী, তফশিলি বন্ধু। ব্যাঙ্কিং ক্ষেত্রে জনধন যোজনা, জীবন জ্যোতি বিমা, সুরক্ষা বিমা, অটল পেনশন। মৎস্যজীবীদের জন্য পিএম-মৎস্য কিসান সমৃদ্ধি সহ-যোজনা। খাদ্য দফতরে পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১, পিএম উজ্জ্বলা যোজনা। উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণেও আবেদন করা যাবে।
কর্মসূচি সফল করতে সিনিয়র আইএএস আধিকারিকদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার থেকেই তাঁরা জেলায় জেলায় গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখছেন। সোম ও মঙ্গলবার সর্বাধিক শিবির পরিদর্শনের নির্দেশ রয়েছে।
তিন দিনের ‘জনকল্যাণ শিবির’-এর মাধ্যমে সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই লক্ষ্য নবান্নের। প্রশাসনের আশা, এর ফলে শুধু আবেদন প্রক্রিয়াই সহজ হবে না, সরকারের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগও আরও সুদৃঢ় হবে।
