ভোট পরবর্তী সন্ত্রাসে ‘উস্কানি’, পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ !
কিউ ইন্ডিয়া বাংলা:- ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সমাজমাধ্যমে ‘উস্কানিমূলক’ পোস্ট করার অভিযোগে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলেন আইনজীবী জয়দীপ সেন। ভোট পরবর্তী সন্ত্রাসে ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে দুই তারকার বিরুদ্ধে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২১ সালের ২ মে বিকেল ৪টা নাগাদ তৃণমূলের জয়ের পর পরমব্রত ফেসবুকে লেখেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক’। সেই পোস্টে ‘হোক হোক’ বলে কমেন্ট করেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
আইনজীবী জয়দীপ সেনের দাবি, এই পোস্টের ১ ঘণ্টার মধ্যেই বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। এরপর একের পর এক বিজেপি কর্মী-সমর্থক খুন এবং নারী নির্যাতনের ঘটনা ঘটে। অভিযোগ, পরমব্রত-স্বস্তিকার পোস্ট-কমেন্টে উৎসাহিত হয়েই তৃণমূল কর্মী-সমর্থকরা বিজেপির উপর অকথ্য অত্যাচার চালায়। ভোট পরবর্তী সন্ত্রাসে অন্তত ৫০জন বিজেপি কর্মী-সমর্থক খুন হয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
বেলেঘাটার অভিজিৎ সরকার খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই সিবিআই তদন্ত চলছে এবং একাধিক অভিযুক্ত গ্রেফতার হয়েছে। আইনজীবী জয়দীপ সেনের করা এই নতুন অভিযোগে পরমব্রত ও স্বস্তিকার সোশ্যাল মিডিয়া পোস্টকেই হিংসার উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুই অভিনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গড়িয়াহাট থানা অভিযোগ খতিয়ে দেখছে।
