প্রকাশ্যে প্রস্রাব রুখতে এবার অস্ত্র ‘আয়না’!
কিউ ইন্ডিয়া বাংলা,নিউজ ডেস্ক: রাস্তায় চলতে ফিরতে হঠাৎ দেওয়ালে চোখ পড়লে মনে হবে সারি সারি আয়না বসানো রয়েছে। কিন্তু এগুলো কোনো সাজসজ্জা নয়, বরং প্রকাশ্যে প্রস্রাব করার অভ্যাসে রাশ টানতে কর্নাটকের মহীশূর পুরসভার (এমসিসি) এক অভিনব ‘আয়না-অস্ত্র’!
শহরের মাদার টেরেসা রোডের কাছে প্রায় ৮০ মিটার দীর্ঘ একটি ফাঁকা দেওয়ালে বসানো হয়েছে চকচকে স্টেইনলেস স্টিলের প্যানেল, যা হুবহু আয়নার মতো কাজ করে।
যেভাবে কাজ করছে এই ‘আয়না-অস্ত্র’
-
লজ্জাই প্রধান হাতিয়ার: কেউ ওই দেওয়ালের সামনে দাঁড়ালেই নিজের প্রতিচ্ছবি যেমন স্পষ্ট দেখতে পাচ্ছেন, তেমনই অন্যান্য পথচারীদের চোখেও তা সহজে ধরা পড়ে যাচ্ছে। ফলে লোকলজ্জার ভয়ে কেউ আর সেখানে দাঁড়ানোর সাহস পাচ্ছেন না।
-
রাতের জন্য এলইডি আলো: দিনের আলো ফুরোলেও যাতে এই নিয়মে ফাঁকি না পড়ে, তার জন্য প্যানেলের চারপাশে লাগানো হয়েছে স্বয়ংক্রিয় এলইডি আলো। রাস্তার আলো জ্বলার সাথে সাথেই এগুলোও জ্বলে ওঠে।
২৪ ঘণ্টাতেই কেল্লাফতে!
পুরসভা সূত্রের খবর, বছরের পর বছর ধরে ওই এলাকায় প্রচার চালিয়ে বা সতর্কতামূলক বোর্ড ঝুলিয়েও যা করা যায়নি, তা করে দেখিয়েছে এই আয়না। প্যানেল বসানোর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ওই এলাকায় প্রকাশ্যে প্রস্রাব করার ঘটনা প্রায় ৯০ শতাংশ কমে গিয়েছে।
নেটপাড়ায় বিতর্ক
সোশ্যাল মিডিয়ায় এই উদ্যোগের ভিডিও ভাইরাল হতেই প্রশংসার ঝড় উঠেছে। তবে এর পাশাপাশি নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, “আয়না বসানোর চেয়ে পাবলিক টয়লেট বাড়ানো কি বেশি জরুরি ছিল না?” যদিও প্রশাসনের পাল্টা দাবি, ওই এলাকার মাত্র ১০০ মিটারের মধ্যেই একাধিক শৌচালয় থাকা সত্ত্বেও অনেকে অলসতাবশত তা ব্যবহার করতেন না। তাই বাধ্য হয়েই এই মনস্তাত্ত্বিক দাওয়াই প্রয়োগ করেছে পুরসভা।
