West Bengal : রাজ্যে পালা বদল হতেই আমলা স্তরে হলো প্রথম বদলি !
কিউ ইন্ডিয়া বাংলা:- নতুন সচিব পেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি। সূত্রের খবর, ২০০২ ব্যাচের আইএএস অফিসার সৌমিত্র মোহনকে রাজ্যপালের নতুন সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি রাজ্যের পরিবহণ দফতরের সচিবের দায়িত্ব সামলেছেন।
বাংলার প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সচিব হিসেবে মনোনীত হয়েছিলেন আইএএস নন্দিনী চক্রবর্তী। পরে নন্দিনীর নিয়োগ নিয়ে কিছু জটিলতা দেখা যায় । রাজভবনে দায়িত্ব পাওয়ার পরেই তিনি তৎকালীন ‘শাসকদলের লোক’ হিসাবে তকমা পান। এরপরেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর থেকে কোনও আইএএস পদের আধিকারিককে এই পদে নিয়োগ করা হয়নি। এবার প্রায় তিন বছর পর ফের কোনও আমলা রাজ্যপালের সচিব হিসাবে নিযুক্ত হচ্ছেন।
সিভি আনন্দ বোসের বদলে ১২ ই মার্চ পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে কলকাতার লোকভবনে শপথ নিয়েছিলেন রাজ্যপাল আরএন রবি। কিন্তু তৎকালীন প্রশাসনের সঙ্গে তাঁর তেমন কোনও ‘সংঘাতের’ ঘটনা ঘটেনি। গতকাল অর্থাৎ সোমবার রাজ্যের শাসক দলের পট পরিবর্তন হয়েছে। তৃণমূলকে পরাজিত করে রাজ্যের ক্ষমতা দখল করেছে বিজেপি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজ্যের আমলা নিয়োগের খবর প্রকাশ্যে এল ।
