ভোটের ফলপ্রকাশের দিনই বেলেঘাটায় উদ্ধার তৃণমূল এজেন্টের দেহ
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল তিলোত্তমা-সহ গোটা রাজ্য। সোমবার নির্বাচনের ফলাফল সামনে আসার পর থেকেই রাজ্যের নানা প্রান্তে ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া যাচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার বেলেঘাটায়, যেখানে এক সক্রিয় তৃণমূল নেতার রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।
বেলেঘাটায় উদ্ধার তৃণমূল এজেন্টের দেহ
বেলেঘাটার সক্রিয় তৃণমূল নেতা তথা বুথ এজেন্ট বিশ্বজিৎ পট্টনায়েকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর নিজের বাড়ির সামনে থেকেই।
-
মৃতের পরিবারের দাবি, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন বিশ্বজিৎ। তারপর থেকেই তাঁর ফোন সুইচড অফ ছিল।
-
খোঁজাখুঁজি করার সময় বাড়ির বাইরে একটি ভাঙা দরজার সামনে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিজনরা।
-
মৃতের বোন ও পরিবারের দাবি, এই খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ এবং বিজেপির হাত রয়েছে।
-
বেলেঘাটা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। একটি ভাঙা মোবাইল ফোন পুলিশের হাতে এলেও খুনের প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
কলকাতা ও জেলায় জেলায় তাণ্ডব
ভোটের ফল বের হতেই কলকাতার বিভিন্ন জায়গায় শাসক দলের অফিসে হামলার অভিযোগ উঠেছে:
-
টালিগঞ্জ ও রুবি: টালিগঞ্জে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বসতি উন্নয়ন পর্ষদের অফিস এবং রুবির কাছে তৃণমূল কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে।
-
বহরমপুর: মুর্শিদাবাদের বহরমপুরে বিজেপির বিজয় মিছিল থেকে এক উপপ্রধানের বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গিয়েছে। বাড়ি ও বাইক ভাঙচুরের পাশাপাশি পেট্রল ঢেলে দেওয়ার মতো গুরুতর ঘটনাও ঘটেছে।
-
শান্তিপুর ও নবদ্বীপ: নদিয়ার শান্তিপুরে পেসমেকার লাগানো এক তৃণমূল কর্মীকে মারধর এবং নবদ্বীপে তৃণমূল কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও বিভিন্ন এলাকা এখনো থমথমে।
