ভোট কর্মী হিসেবে সুপারসহ ১৭ জনকে চিঠি নির্বাচন কমিশনের
কিউ ইন্ডিয়া বাংলা :- পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহাকুমা হাসপাতালে সুপারসহ ১৭ জনকে চিঠি দিল নির্বাচন কমিশন । তাদেরকে আসন্ন বিধানসভা ভোটের কাজে লাগানো হবে ভোট কর্মী হিসেবে । এই মর্মে সকলকে চিঠি দেওয়া হয়েছে । একই হাসপাতালের ১৭ জনকে যদি ভোটের ডিউটি করতে যেতে হয় তাহলে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে ।
হাসপাতাল সূত্রে খবর হাসপাতালে সুপার, দুজন অ্যাসিস্ট্যান্ট সুপার, চারজন ফার্মাসিস্ট , সহ মোট ১৭ জনের নামে এই চিঠি এসেছে । এমনকি এই ১৭ জনের মধ্যে দুইজন চুক্তিভিত্তিক কর্মীও রয়েছে । হাসপাতাল কর্তৃপক্ষ আশঙ্কা করছে পাঁচ জন ফার্মাসিস্টের মধ্যে যদি চারজনকে ভোটের কাজে নিয়ে যাওয়া হয় তাহলে অচল হয়ে পড়তে পারে এই মহাকুমা হাসপাতাল। হাসপাতালে সুপার সুভাষচন্দ্র মাহাতো বলেন “আমার নিজেরও নির্বাচনের কাজের জন্য নাম এসেছে। এলাকার মানুষের হাসপাতালে এসে পরিষেবা পেতে যাতে কোনরকম অসুবিধা না হয় সেই জন্য নির্বাচন কমিশন-এর কাছে নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানাব। যে দুজন চুক্তিভিত্তিক কর্মচারীর নাম এসেছে তাঁদের নাম বাদ দেওয়ার জন্য ইতিমধ্যে আবেদন জানিয়েছি।”
ঘটনাকে ঘিরে এলাকায় রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের দাবি বিজেপি এবং নির্বাচন কমিশন একযোগে হাসপাতাল পরিষেবা বিঘ্নিত করার জন্যই উদ্যোগ গ্রহণ করেছে আবার অন্যদিকে বিজেপির দাবি বিষয়টি নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত এর সঙ্গে বিজেপির দূর দুরান্ত কোন যোগ নেই।
