ভোট ঘোষণার পর থেকেই উত্তপ্ত ভাঙ্গর, গতকাল উত্তেজনা ভাঙ্গরের পাকাপোলে
কিউ ইন্ডিয়া বাংলা :- আবার সেই একই ছবি । রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ভাঙ্গর । রাজ্যে হিংসার ঘটনায় সব সময় ভাঙ্গরের নাম খবরের শিরোনামে থাকে এবারেও তার ব্যাতিক্রম হল না। গতকাল ২৬ শে মার্চ ভাঙ্গরের পাকাপোলে ঘটে গেল রাজনৈতিক সংঘর্ষ । হামলার অভিযোগ করেছে আইএসএফ তৃণমূল একে অপরের দিকে।
ঘটনাটি ঘটেছে ভাঙ্গরের পোলেরহাট থানায় এলাকার পাকাপোলের নিকট গাবতলা বাজারে । এখানে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর একটি নির্বাচনী প্রচার কর্মসূচি ছিল। সেই কর্মসূচি শেষের পর আইএসএফ কর্মীদের ওপর এলাকার তৃণমূল নেতা খয়রুল ইসলামের অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ । নওশাদ সিদ্দিকীর সভায় আসা অনেক কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ তোলা হয়। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় আইএসএস কর্মীরাই খয়রুল ইসলামের একটি জেসিবি এবং দুটি পিকআপ ভাঙচুর করে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । স্থানীয় পোলেরহাট থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় আইএসএফ প্রার্থী ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে । সংঘর্ষে আহতদের নিকটবর্তী জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। উত্তেজনা থাকলেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।
