ফের মানবিক সাংসদ, দেখা করার প্রতিশ্রুতি দেবের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দ্বিতীয় দফা ভোটকে সামনে রেখে প্রচারের ব্যস্ত সকলেই। রাজনীতি হোক বা সিনেমা জগতের সেলিব্রিটি । পছন্দের মানুষ কে সামনে থেকে দেখতে,সেলফি তুলতে কে না চায় । তাই বঙ্গে এখন মোড়ে মোড়ে ভিড় জমছে কাছ থেকে পছন্দের মানুষ কে একবার দেখার জন্য । আর সেই প্রচার বা রোড শো-এর মধ্যমণি যদি দেব হয়, তাহলে তো কথাই নেই। সেই।
বিভিন্ন সময় দেবের মানবিক রূপ এর আগেও দেখা গেছে। ফের একবার মানবিক মুহূর্তের সাক্ষী থাকল বনগাঁ দক্ষিণ। অভিনেতা ও সাংসদ দেবের জনসভাকে ঘিরে মানুষের ভিড় ছিল উপচে পড়া। সেই ভিড়ের মধ্যেই ঘটে যায় এক আবেগঘন ঘটনা, যা পরে সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
প্রিয় তারকার সঙ্গে একটি সেলফি তোলার ইচ্ছা ছিল এক তরুণীর। কিন্তু নিরাপত্তা ও ভিড়ের কারণে সেই সুযোগ না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। প্রত্যাশা পূরণ না হওয়ায় কান্নায় ভেঙে পড়ার পাশাপাশি, অতিরিক্ত আবেগের চাপে তিনি সাময়িকভাবে জ্ঞানও হারিয়ে ফেলেন। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা দ্রুত তাঁকে সামলে নেওয়ার চেষ্টা করেন।
এই ঘটনার ভিডিও ও খবর দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। অনেকেই তরুণীর আবেগকে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ হিসেবে দেখেছেন। বিষয়টি নজরে আসতেই দেব নিজেও এড়িয়ে যাননি এই ঘটনা। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে সেই তরুণীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
দেব লেখেন, “আমি ঋতুপর্ণাকে (বনগাঁ দক্ষিণের প্রার্থী) বলে দিয়েছি। ৪ তারিখের পর তোমাকে নিয়ে আমার অফিসে আসতে। ভালো থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি।”
দেবের এই বার্তা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের কাছে। অনেকে মনে করছেন, রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও একজন ভক্তের আবেগকে সম্মান জানিয়ে তিনি যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন, তা বিশেষভাবে উল্লেখযোগ্য।
