১লা মে থেকেই কি গরমের ছুটি রাজ্যের স্কুলগুলিতে ?
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- রাজ্যের রীতিমত এখন লু বইছে । তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪২ ডিগ্রি । দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে এখন গরমে হাঁসফাঁস অবস্থা। বাইরে বেরোলে কার্যত হাল খারাপ হচ্ছে আমজনতার। আর এই চরম আবহাওয়ার মধ্যেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী মে মাসের শুরুতে বিরাট স্বস্তির খবর স্কুল পড়ুয়াদের জন্য। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ঘোষিত মডেল ছুটির তালিকা এবং চলমান তাপপ্রবাহের কারণে তৈরি হওয়া পরিস্থিতির ফলে একাধিক ছুটি পেতে চলেছে স্কুল পড়ুয়ারা।
প্রচণ্ড দাবদাহের কারণে গত কয়েক বছরের মতো এবারও নির্ধারিত সময়ের আগেই গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিলের শেষ থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্য শিক্ষা দপ্তর গরমের ছুটি এগিয়ে আনার বিষয়ে চিন্তাভাবনা করছে। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তবে মে মাস জুড়ে পড়াশোনার স্বাভাবিক ছন্দ অনেকটাই ব্যাহত হবে এবং টানা ছুটির মেয়াদ আরও বাড়বে।
১ মে থেকেই টানা ছুটি স্কুলে
মে মাসের ১ তারিখ থেকেই টানা ছুটি রাজ্যের সরকারি ও সরকার প্রোষিত সব স্কুলে! গরমের ছুটির আগেই ১ মে থেকেই টানা ছুটি শুরু হতে চলেছে স্কুলগুলোতে। গরম আর ভোটের কারণে গরমের ছুটি আগে থেকেই ঘোষণা হওয়ার সম্ভাবনা ছিলই। তারমধ্যেই ক্যালেন্ডার অনুযায়ী মে মাসের থেকেই শুধু ছুটি-ই-ছুটি। ১ মে, শুক্রবার, ছুটি। তারপর ২ মে ও ৩ মে, শনি ও রবিবার হওয়ার কারণে স্কুল ছুটি। এরপর আবার ৮ মে, শুক্রবার রবীন্দ্রজয়ন্তীর কারণে স্কুল ছুটি। ৯ মে ও ১০ মে, শনি ও রবিবার হওয়ার কারণে স্কুল ছুটি। তাই যদি ১১ মে থেকেও গরমের ছুটি ঘোষণা হয়, তাহলেও মে মাসের প্রথম থেকে মাঝে ৪ দিন ছাড়া অন্যান্য কারণে ছুটির মধ্যেই থাকবে স্কুলগুলি।
তবে উল্ল্যেখ না করলেই নয়, এখনও পর্যন্ত গরমের ছুটি অনুষ্ঠানিকভাবেই এগিয়ে আসার ঘোষণা নবান্ন থেকে করা হয়নি। কিন্তু শিক্ষক সংগঠনগুলির দাবি, হারে তাপমাত্রা যে হারে বাড়ছে তাতে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই হয়তো ছুটি ঘোষণা করা হতে পারে। আর যদিও ১১ মে থেকে সরকারিভাবে গরমের ছুটি ঘোষণা হয়, তাহলেও মে মাসের শুরু থেকেই টানা ছুটির সুযোগ পাবে খুদেরা।
