Park Circus : পার্ক সার্কাসে বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, পুলিশ-জনতা সংঘর্ষে আহত ৩, গ্রেফতার ২০ !
কিউ ইন্ডিয়া বাংলা:-রবিবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার পার্ক সার্কাস চত্বর। বিভিন্ন ইস্যুতে জমায়েত হওয়া বিক্ষোভকারীদের হটাতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাঁধে। ইটবৃষ্টি, কেন্দ্রীয় বাহিনীর বাস ভাঙচুর ও পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে আচমকাই একাধিক দাবি নিয়ে পার্ক সার্কাসে জড়ো হন একদল বিক্ষোভকারী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভ তুলতে গেলেই পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে বিক্ষোভকারীদের একাংশ। পাশে দাঁড়িয়ে থাকা কেন্দ্রীয় বাহিনীর একটি বাসেও চলে ভাঙচুর। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। সংঘর্ষে ৩ জন পুলিশকর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই কড়া পদক্ষেপ নেয় কলকাতা পুলিশ। ইতিমধ্যে ২০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে একজন ফেসবুক লাইভ করে রবিবারের জমায়েতের ডাক দিয়েছিল। তার উসকানিতেই ভিড় জমে বলে প্রাথমিক তদন্তে অনুমান।
ঘটনার সঙ্গে যুক্ত বাকি অভিযুক্তদের খোঁজে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। গোটা পার্ক সার্কাস চত্বরে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশবাহিনী। নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায়, তার জন্য চলছে নজরদারি। ঘটনার তদন্তে নেমেছে লালবাজার।
