Leander Paige : মাতৃহারা হলেন লিয়েন্ডার, প্রয়াত অলিম্পিয়ান জেনিফার পেজ !
কিউ ইন্ডিয়া বাংলা:-
প্রখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ় এর পরিবারে নেমে এল ফের শোকের আঁধার। গত বছর অগাস্টে বাবা ভেস পেজ়কে হারিয়েছিলেন লিয়েন্ডার পেজ। এবার চলে গেলেন মা জেনিফার পেজ। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়ে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭২ বছরের প্রাক্তন বাস্কেটবল অলিম্পিয়ান।
পরিবার সূত্রে জেনিফার পেজ-এর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ২০২৫ সালের ১৪ অগাস্ট প্রয়াত হয়েছিলেন হকি অলিম্পিয়ান ও চিকিৎসক ভেস পেজ়। তার ঠিক ৯ মাসের মাথায় মাতৃহারা হলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ।
ভারতীয় ক্রীড়াক্ষেত্রে পেজ় পরিবারের অবদান অনন্য। বাবা ভেস পেজ় ছিলেন অলিম্পিক্সে পদকজয়ী হকি খেলোয়াড়। পরবর্তী সময়ে ফিজিও হিসেবে দেশের খেলাধুলোর সেবা করেছেন। মা জেনিফার পেজ ১৯৭২ মিউনিখ অলিম্পিক্সে ভারতীয় বাস্কেটবল দলের জার্সি গায়ে নেমেছিলেন। ১৯৮২ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে দেশকে নেতৃত্ব দেওয়ার গৌরবও রয়েছে তাঁর। দুই অলিম্পিয়ানের সন্তান লিয়েন্ডার পেজ নিজেও অলিম্পিক্স পদকজয়ী। ১৯৯৬ আটলান্টায় পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন দেশকে। একই পরিবারের তিন সদস্যের অলিম্পিক্সে অংশগ্রহণ, ভারতের ইতিহাসে এমন দৃষ্টান্ত আর নেই। প্রখ্যাত সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্তের বংশধর ছিলেন জেনিফার পেজ। যদিও শেষ জীবনে ভেস পেজ় ও জেনিফার পেজ একসঙ্গে থাকতেন না। তাঁদের দাম্পত্য সম্পর্কে চিড় ধরেছিল।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেনিফার পেজ-এর প্রয়াণে গভীর শোক জানিয়েছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘’ভারতীয় টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ়ের মা শ্রীমতি জেনিফার পেজ়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ভারতীয় বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক ও অলিম্পিয়ান হিসেবে, ভারতীয় ক্রীড়াজগতে তাঁর অসামান্য অবদান এবং তাঁর রেখে যাওয়া ঐতিহ্য চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকের এই মুহূর্তে লিয়েন্ডার পেজ় এবং তাঁর সমগ্র পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি যেন শোকসন্তপ্ত পরিবার পায়। সেই প্রার্থনাই করি। তাঁর আত্মা যেন চিরশান্তিতে বিশ্রাম লাভ করে।’’
এক বছরেরও কম সময়ের মধ্যে বাবা-মা দু’জনকেই হারালেন লিয়েন্ডার পেজ। ভারতীয় খেলাধুলোর ইতিহাসে পেজ় পরিবারের শূন্যস্থান পূরণ হওয়ার নয়। কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন অলিম্পিক্স পদকজয়ী এই টেনিস তারকা।
