আজকের দিনেবাংলার আয়না

Arrest-Magra : মগরায় টিউশন ফেরত ছাত্রীর ব্যাগ ছিনতাই, আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুই যুবক !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-হুগলির মগরায় টিউশন পড়ে বাড়ি ফেরার পথে ছাত্রীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বুলেট-সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করল মগরা থানার পুলিশ। উদ্ধার হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত বাইক ও ছাত্রীর মোবাইল-বই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ই মে সন্ধ্যায় ত্রিবেণী টাউনশিপ এলাকার ঘটনা। স্থানীয় এক স্কুলছাত্রী টিউশন সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই সময় আচমকা একটি বাইকে করে দুই যুবক এসে ছাত্রীর সাইকেলের পাশে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই ছাত্রীর সাইকেল থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায় তারা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ওই ছাত্রী। বাড়ি ফিরে পরিবারকে পুরো ঘটনা জানায়।
পরদিন, ১৫ই মে, ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ তদন্তে নামে পুলিশ। মগরা থানার আইসি সৌমেন বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। ঘটনাস্থল ও আশপাশের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। ফুটেজে বাইকের নম্বর ও দুই যুবকের চেহারা শনাক্ত করা হয়।

প্রযুক্তির সাহায্যে ও গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে অভিযুক্তরা বাঁশবেড়িয়ার শঙ্খনগর এলাকায় গা ঢাকা দিয়েছে। এরপরই ওই এলাকায় হানা দিয়ে বাপ্পা দেবনাথ ও সৌরভ দূর্লভ নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আদালতে তুলে সাতদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জেরায় ধৃত বাপ্পা দেবনাথের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা বুলেট উদ্ধার হয়। এছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ছাত্রীর ব্যাগে থাকা মোবাইল ফোন, এয়ারবার ও পড়াশোনার বেশ কিছু বইপত্রও উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা এলাকায় আরও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে।

গোটা ঘটনা নিয়ে শনিবার মগরা থানায় সাংবাদিক সম্মেলন করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। তিনি জানান, ‘ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, তাও খতিয়ে দেখা হচ্ছে।’ এলাকায় ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে ত্রিবেণী টাউনশিপ এলাকায় আতঙ্ক থাকলেও পুলিশের তৎপরতায় স্বস্তিতে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *