NCPI : ‘৩ মাস পেরিয়ে গিয়েছে’, এনসিপিআই সাংসদদের পদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় সুপ্রিম কোর্ট
কিউ ইন্ডিয়া বাংলা,নয়াদিল্লি :- তৃণমূল থেকে এনসিপিআইয়ে (NCPI) যোগ দেওয়া ২০ জন সাংসদের পদ খারিজের দাবিতে জট অব্যাহত। বুধবার সুপ্রিম কোর্ট জানাল, এই ইস্যুর দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। একইসঙ্গে কাকলি, সুদীপদের (NCPI) জবাব দিতে আরও চার সপ্তাহ সময় দিল শীর্ষ আদালত।
তৃণমূলের প্রতীকে জিতে এনসিপিআইয়ে (NCPI)যোগ দেওয়ায় ২০ সাংসদের পদ খারিজ চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনের জবাব দিতে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় ছিল এনসিপিআই সাংসদদের। সময় পেরোলেও নথি সংগ্রহের জন্য আরও সময় চান তাঁরা।
বুধবার শুনানিতে বিচারপতি বাগচি বলেন, “তিন মাসের সময়সীমা পেরিয়ে গিয়েছে। বিষয়টির দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।” তৃণমূলের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্রুত নিষ্পত্তির দাবি তোলেন। স্পিকারের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সাংবিধানিক পদাধিকারীর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া ঠিক হবে না। আদালত জানায়, কোনও কঠোর নির্দেশ নয়, তবে দশম তফসিলের গুরুত্ব মাথায় রেখে দ্রুত সিদ্ধান্ত নিতে স্পিকারকে স্মরণ করানো হচ্ছে।
চার সপ্তাহ পর ফের শুনানি হবে। ততদিন ২০ সাংসদের জবাব এবং স্পিকারের প্রক্রিয়ার অগ্রগতির দিকে নজর থাকবে সুপ্রিম কোর্টের।
