আজকের দিনেবাংলার আয়না

চিকেনস নেকে শুভেন্দুর জিরো টলারেন্স, ১২০ একর জমি কেন্দ্রকে দিয়ে কোন বার্তা?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:– দেশের নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি। ক্ষমতায় এসেই সীমান্ত সিলের নির্দেশ দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। এবার উত্তরবঙ্গের অতি সংবেদনশীল ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা ঢেলে সাজাতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তৃণমূলের আমলে যা বছরের পর বছর আটকে ছিল।

 

প্রসঙ্গত,নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিন ঘেরা শিলিগুড়ি করিডর ভৌগোলিক ভাবে অত্যন্ত সংবেদনশীল। গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে দুর্বল করতে এই করিডরের দিকে নজর বিভিন্ন জঙ্গি সংগঠনের। তিন দেশের সীমান্ত মেশায় এই পথে অস্ত্র, মাদক ও জাল নোট পাচারের ছক কষে জঙ্গিরা। অনুপ্রবেশের জেরে বদলাচ্ছে এলাকার জনবিন্যাসও। চিন-বাংলাদেশেরও নজরে রয়েছে এই এলাকা।

রাজ্য সরকার সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে । সেগুলি হল
১. কাঁটাতার দিতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রক্রিয়া শুরু হয়েছে।
২. চিকেনস নেকের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত। আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি এই জমি তৃণমূল আমলে আটকে ছিল বলে খবর।
৩. দেশের সুরক্ষার কথা ভেবে রাজ্যের হাতে থাকা সাতটি জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

বাংলার ভোট প্রচারে এসে চিকেনস নেকের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিযোগ ছিল, ‘টুকরে টুকরে গ্যাং চিকেনস নেক ভাঙার ছক কষছে। আর তাতে প্রশয় দিচ্ছে তৎকালীন তৃণমূল সরকার।’ বিজেপি ক্ষমতায় এলেই পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

সরকার বদলাতেই চিকেনস নেকের সুরক্ষায় একের পর এক পদক্ষেপ। রাজনৈতিক মহলের দাবি, শুভেন্দু সরকারের এই সিদ্ধান্ত দেশের সুরক্ষার জন্য ‘মাস্টারস্ট্রোক’। সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ রুখতে এবার কতটা কার্যকর হয় এই উদ্যোগ, সেদিকেই নজর সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *