Kakoli Faces The Public : জনতার মুখোমুখি কাকলি ! লোকসভার মানুষের জন্য ‘জন সম্পর্ক অভিযান’ আনলেন এনসিপিআই সাংসদ !
কিউ ইন্ডিয়া বাংলা, বারাসাত:- লোকসভা এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে নতুন উদ্যোগ। ‘জন সম্পর্ক অভিযান’ কর্মসূচির ঘোষণা করলেন বারাসতের এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। প্রতি রবিবার মধ্যমগ্রামের বাসভবনে বসে সাধারণ মানুষের সমস্যা শুনবেন তিনি।
শনিবার ফেসবুকে পোস্ট করে কাকলি জানান, প্রতি রবিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মধ্যমগ্রামের দিকবেড়িয়ায় তাঁর বাসভবনে এলাকার বাসিন্দারা সরাসরি এসে সমস্যা, অভিযোগ ও পরামর্শ জানাতে পারবেন।
তাঁর কথায়, “মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা ও তাঁদের মতামত শোনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। জনসংযোগই গণতন্ত্রের অন্যতম ভিত্তি। মানুষের বক্তব্য শুনেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”
উল্লেখ্য, তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়ার পর বর্তমানে লোকসভায় দলের চিফ হুইপের দায়িত্ব সামলাচ্ছেন কাকলি।
রাজনৈতিক মহলের মতে, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেকে ‘জনতার দরবার’ শুরু করায়, কাকলির এই কর্মসূচি সেই প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
‘জন সম্পর্ক অভিযান’-এর মাধ্যমে লোকসভার মানুষের আরও কাছে পৌঁছতে চাইছেন কাকলি ঘোষ দস্তিদার। জনসংযোগকে হাতিয়ার করেই দলের শক্তি বাড়ানোই লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
