Facebook : আচমকা বিশ্বজুড়ে আংশিক বিপর্যস্ত ফেসবুক, সমস্যায় লক্ষ লক্ষ ইউজার !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আচমকাই থমকে গেল ফেসবুক। ভারতীয় সময় রবিবার দুপুর প্রায় ১টা নাগাদ বিশ্বজুড়ে আংশিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। কম্পিউটার থেকে শুরু করে মোবাইল, কোথাও ঠিকভাবে কাজ করছে না ফেসবুক।
লক্ষাধিক গ্রাহক অভিযোগ জানিয়েছেন, তাঁরা কম্পিউটার থেকে ফেসবুক ব্যবহার করতে পারছেন না। পেজ লোড হচ্ছে না, নিউজফিড দেখা যাচ্ছে না।
শুধু ডেস্কটপই নয়, মোবাইল থেকেও ব্যবহার করতে সমস্যা হচ্ছে অনেকের। ভিডিও আপলোড হচ্ছে না, স্টোরি-রিল পোস্ট করতেও সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন ইউজাররা।
ডাউনডিটেক্টরের মতো ওয়েবসাইটগুলিতেও রবিবার দুপুর থেকে ফেসবুক সংক্রান্ত হাজার হাজার অভিযোগ জমা পড়েছে।
সমস্যাটি ঠিক কী কারণে হয়েছে এবং কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেয়নি মেটা।
আপাতত ব্যবহারকারীদের কিছুক্ষণ অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। মেটা-র তরফে সমস্যার সমাধান এবং কারণ জানানো হলে তা আপডেট করে জানিয়ে দেওয়া হবে।
