আজকের দিনেভারত

উত্তরপ্রদেশে ঝড়-বজ্রপাতে মৃত ৮৯, ২৪ ঘণ্টায় ত্রাণের নির্দেশ যোগীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- প্রবল ঝড়, বজ্রপাত ও মুষলধারে বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরপ্রদেশের একাধিক জেলা। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮৯ জন, গুরুতর আহত ৫৩। উপড়ে পড়েছে শতাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি, বিপর্যস্ত জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা। দ্রুত উদ্ধার ও ত্রাণ পৌঁছে দিতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশ ত্রাণ কমিশনারের দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১১৪টি গবাদি পশুর মৃত্যু হয়েছে এবং সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৭টি বাড়ি। বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে গম ও সবজি চাষ।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন, মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং বিভাগীয় কমিশনার ও জেলাশাসকদের ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছাতে হবে। বিদ্যুৎ পুনরুদ্ধার ও চিকিৎসা পরিষেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রয়াগরাজ জেলা। সেখানে মারা গিয়েছেন ২১ জন। হান্ডিয়ায় সাত, ফুলপুরে চার, সোরাওঁয়ে তিন, মেজায় দুই এবং সদরে একজনের মৃত্যু হয়েছে। ভাদোহীতে ১৬, ফতেহপুরে ১১ ও মির্জাপুরে ১০ জনের প্রাণহানি ঘটেছে। ফতেহপুরের এডিএম অবিনাশ ত্রিপাঠী জানিয়েছেন, তাঁর জেলায় নয় জন মারা গেছেন, আহত ১৬। প্রতাপগড়ে দেওয়াল ও ছাউনি ধসে এবং বজ্রপাতে মৃত্যু হয়েছে চার জনের। পুলিশ সুপার দীপক ভুকর জানান, লালগঞ্জের ওঝা কা পুরওয়া গ্রামে ছাউনি চাপা পড়ে ভীম যাদব ২৫-এর মৃত্যু হয়। বাঘরাইয়ের সারি স্বামী গ্রামে দেওয়াল ধসে মারা যান ভূষণ পান্ডে ৫৬।
মৃত্যুর মূল কারণ গাছ ও দেওয়াল ধস এবং বজ্রপাত। পাত্থর গির্জঘর, অশোক নগর, কাছারি রোড, মহাত্মা গান্ধী মার্গ ও কল্যাণী দেবী এলাকায় বহু গাছ উপড়ে পড়েছে। প্রয়াগরাজের একাধিক এলাকায় বিদ্যুৎ বিপর্যস্ত। পুরসভা রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু করেছে।সমাজমাধ্যমে ছড়িয়েছে ঝড়ের একটি ভিডিয়ো, যেখানে প্রবল হাওয়ায় এক ব্যক্তিকে উড়ে যেতে দেখা গেছে। তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা।

দুর্যোগ-কবলিত জেলাগুলিতে জোরকদমে চলছে উদ্ধার ও পুনরুদ্ধারের কাজ। প্রশাসন জানিয়েছে, যান চলাচল ও বিদ্যুৎ পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। আবহাওয়া দপ্তরের আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় জেলাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *