HELPLINE : এক ফোনেই মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ! কাটমানি-সিন্ডিকেট রুখতে চালু হল ৪টি টোল-ফ্রি হেল্পলাইন
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’। কাটমানি, সিন্ডিকেটরাজ ও বেআইনি কাজ রুখতে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে পারবেন রাজ্যের মানুষ। আজ, মঙ্গলবার ভবানী ভবন থেকে রাজ্যের জন্য ৪টি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে পুলিশের নতুন হেল্পলাইন নম্বরও উদ্বোধন হল (HELPLINE)।
রাজ্য সরকার জানিয়েছে, বিভিন্ন দুর্নীতি ও বেআইনি কাজের বিরুদ্ধে দিন-রাত ২৪ ঘণ্টা অভিযোগ জানানো যাবে এই নম্বরগুলিতে।
অভিযোগের জন্য হেল্পলাইন নম্বর (HELPLINE):
– কাটমানি: 155334
– সিন্ডিকেট দুর্নীতি: 155335
– বেআইনি রাস্তার ট্যাক্স/টোল আদায়: 155337
– বেআইনি মদ: 155339
প্রধানত কাজের জন্য কাটমানি চাওয়া, বালি-পাথর-সিমেন্টের সিন্ডিকেট, রাস্তায় বেআইনি টোল এবং বেআইনি মদের অভিযোগকেই অগ্রাধিকার দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল আমলে প্রায় সব ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ উঠেছে। CAG রিপোর্টেও দুর্নীতির প্রসঙ্গ রয়েছে। রাজ্যের ভাবমূর্তি ফেরাতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই অনুষ্ঠানে তিনি আরও ঘোষণা করেন, আগামী কয়েক বছরে রাজ্য পুলিশে পর্যায়ক্রমে ১ লক্ষ নতুন নিয়োগ হবে। পুজোর আগেই ১৪ হাজার কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। উত্তরপ্রদেশ মডেলে পুলিশের পরিকাঠামো উন্নত করা হবে। মহিলা পুলিশ কর্মীদের বাড়ির কাছেই পোস্টিং দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সরকারের দাবি, এই হেল্পলাইন চালুর মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই দুর্নীতির বিরুদ্ধে সরব হতে পারবেন। ‘জিরো টলারেন্স’ নীতিকে আরও কড়া ভাবে লাগু করতেই এই উদ্যোগ বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
