এবার বেসরকারি হাসপাতালেও পাওয়া যাবে সরকারি টিকা
কিউ ইন্ডিয়া বাংলাঃ- সরকারি হাসপাতালের মতো বেসরকারি হাসপাতালেও পাওয়া যাবে বিনামূল্যে সরকারি টিকা। নবজাতক থেকে শিশুদের টিবি, ডিপথেরিয়া, পোলিও, হেপাটাইটিস বি, রুবেল্লা, মিজলসের মতো ১২টি অসুখের টিকাকরণ দেওয়া হয়। সেই সুবিধা পাওয়া যাবে এবার বেসরকারি হাসপাতালেও। সংশ্লিষ্ট জেলার বেসরকারি হাসপাতালকে লিখিত আবেদন করতে হবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। আবেদনপত্র খতিয়ে দেখে অনুমোদন দেবে স্বাস্থ্য দপ্তর।
টিকা দিতে গেলে, বেসরকারি হাসপাতালকে কী কী নিয়ম মানতে হবে? বিশেষ এসওপি জারি করে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, প্রতিটি বেসরকারি হাসপাতালকে টিকাকরণের জন্য একটি ওয়েটিং এরিয়া একটি টিকাকরণ কেন্দ্র তৈরি করতে বলা হয়েছে। টিকা দেওয়ার পর টিকা পরবর্তী পর্যবেক্ষণ কেন্দ্রও তৈরি রাখতে হবে। টিকাকরণ কেন্দ্রের পাশে তৈরি রাখতে হবে স্তনপান করানোর আলাদা জায়গা। যাতে সদ্যোজাতকে নিয়ে প্রসূতি কোনও বিড়ম্বনায় না পড়েন। যে কোনও বেসরকারি হাসপাতাল সপ্তাহে সর্বোচ্চ দু’দিন টিকাকরণ সেশন করতে পারবে। সম্ভাব্য টিকাগ্রহীতার সংখ্যার বিচার করে দিন নির্ধারণ করবেন সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
