আজকের দিনেখেলাভারত

Football-Derby : ডার্বির আগে পিছিয়ে বাগান, লোবেরার হুঙ্কার: “কাল ফাইনাল, জিততেই হবে” !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আইএসএলে কলকাতা ডার্বির আগে বরাবরই এগিয়ে থেকে মাঠে নেমেছে মোহনবাগান। পয়েন্ট টেবিল হোক বা দলের শক্তি, সবুজ-মেরুনই থেকেছে ফেভারিট। কিন্তু রবিবারের ছবিটা আলাদা। প্রথমবার আইএসএলে পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে থেকে ডার্বি খেলতে নামছে মোহনবাগান। ফুটবলারদের ফর্ম নিয়েও চিন্তা আছে। তবে এই ম্যাচ জিতলে ট্রফি দৌড়ে অনেকটাই এগিয়ে যাওয়া যাবে। তাই কোচ সের্জিয়ো লোবেরার কাছে রবিবারের লড়াইটা ‘ফাইনাল’। স্ট্রাইকারদের গোলের খরা নিয়ে ভাবছেন না তিনি।

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে লোবেরা বলেন, “আমরা কাল একটা ফাইনাল খেলতে নামছি। অসাধারণ লাগছে। কারণ ফুটবলে এ রকম ম্যাচই তো আমরা চাই। এই পরিবেশই চাই। আমরা সব কিছু উপভোগ করছি। এই ধরনের ম্যাচ খেলতেই কোচ বা ফুটবলার হওয়া। কাল ফাইনাল। আমাদের জিততেই হবে। আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। দলে ভাল ফুটবলার রয়েছে যাদের এ রকম ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ডার্বি খেলা সব সময় বাড়তি অনুপ্রেরণা। কালকের ম্যাচ জিতলে ট্রফি জয়ের দিকে আর এক ধাপ এগিয়ে যাব। আমরা তৈরি।”

শেষ কয়েকটা ম্যাচে গোল করতে ব্যর্থ মোহনবাগানের ফরোয়ার্ডরা। সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারছেন না। যদিও লোবেরা এ নিয়ে দুশ্চিন্তা করতে নারাজ। তাঁর কথায়, “যা হয়েছে তা ভুলে যেতে চাই। পরের ম্যাচটা অন্য রকম। যদি দল সুযোগ তৈরি করতে না পারত তা হলে চিন্তায় পড়তাম। কিন্তু আমরা সুযোগ তৈরি করছি। দলে যারা রয়েছে তারা গোল করতে দক্ষ। ফুটবলারদের সঙ্গে কথা বলেছি। ওদের অনেক অভিজ্ঞতা রয়েছে। বেশি উপদেশ ওদের দিতে হয়। কারণ নিজেদের কাজ ওরা ভালই জানে। এটুকু বলতে পারি, আমাদের আরও নিখুঁত হতে হবে।”

প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে রীতিমতো সমীহ করছেন বাগান হেড কোচ লোবেরা। তাঁর মতে এটাই লাল-হলুদের সেরা দল। তিনি বলেছেন, “আইএসএলের ইতিহাসে এটাই ইস্টবেঙ্গলের অন্যতম সেরা দল। ট্রফির লড়াইয়ে মুম্বই সিটি, গোয়া, জামশেদপুর, পঞ্জাবও রয়েছে। তাদের থেকে ইস্টবেঙ্গলের দল ভাল। ওদের যেখানে থাকার দরকার সেখানেই আছে। আমাপ মতে, এ ধরনের প্রতিযোগিতা, বিশেষ করে যেখানে ১৩টা ম্যাচ, সেখানে সকলেরই ট্রফি জেতার সুযোগ থাকে। ২৬টা ম্যাচ হলে নিজেদের আরও বেশি পরিশ্রম করতে হয়। তবু আমরা রবিবার নিজেদের সেরাটা দেব। সমর্থকেরা ট্রফি চান। প্রথম ক্লাব হিসাবে মোহনবাগানকে ট্রফি জয়ের হ্যাটট্রিক করাতে চাই ।”

মোহনবাগানের অনুশীলনে ম্যাচের আগের দিন দেখা গেছে ক্লাব সভাপতি দেবাশিস দত্ত এবং সিইও বিনয় চোপড়াকে। গোলকিপারদের অনুশীলনের দিকে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। অন্যদিকে, ইস্টবেঙ্গলের অনুশীলনে হাজির ছিলেন দলের অন্যতম কর্তা বিভাগ অগ্রবাল। কোচ অস্কার ব্রুজ়োর সঙ্গে অনেকক্ষণ আলোচনা করেন তিনি।

পয়েন্ট তালিকায় পিছিয়ে থেকে ডার্বি খেলার চাপ, সঙ্গে স্ট্রাইকারদের অফ ফর্ম। তবুও কোচ লোবেরার গলায় আত্মবিশ্বাস। ‘ফাইনাল’ তকমা দিয়ে শিষ্যদের চাঙ্গা করছেন তিনি। ইস্টবেঙ্গলকে সেরা দল বলেও ছেড়ে কথা বলতে নারাজ। রবিবারের যুবভারতীতে কে হাসবে শেষ হাসি, সেদিকেই তাকিয়ে ময়দান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *