Suvendu-Ministry : সম্ভাব্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন চূড়ান্ত, স্বরাষ্ট্র-সহ ৪ দপ্তর শুভেন্দুর হাতে রাখার ইঙ্গিত !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- রাজ্যে নতুন সরকার গঠনের পর সম্ভাব্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন সেরে ফেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নে দীর্ঘ বৈঠকের পর কে কোন দপ্তর পেতে পারেন, তার তালিকা চূড়ান্ত হয়েছে বলে সূত্রের দাবি। সরকারি ঘোষণা এখনও হয়নি। সূত্র বলছে, মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখতে পারেন স্বরাষ্ট্র, আইন, বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্ব-র মতো গুরুত্বপূর্ণ ৪ দপ্তর।
গত ৪ মে বিধানসভা ভোটের ফলাফলে ২৯৪টির মধ্যে ২০৮ আসন পেয়ে সরকার গড়েছে বিজেপি। ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ ৬ জন মন্ত্রী শপথ নেন। ওইদিন শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক। পরে ১ জুন লোকভবনে শপথ নেন আরও ৩৫ জন মন্ত্রী। তারপর থেকেই কে কোন দপ্তর পাবেন তা নিয়ে জল্পনা চলছিল। নবান্ন সূত্রে খবর, অর্থ দপ্তরের দায়িত্ব পেতে পারেন বিজেপির পুরনো মুখ স্বপন দাশগুপ্ত। বর্ষীয়ান বিধায়ক তাপস রায়কে দেওয়া হতে পারে শিল্প ও বাণিজ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর যাচ্ছে ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের হাতে। নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং পেতে পারেন পরিবহণ ও শ্রম দপ্তর। শিক্ষা দপ্তরকে দু’ভাগ করে উচ্চশিক্ষার দায়িত্বে আসতে পারেন সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, আর স্কুলশিক্ষার দায়িত্বে দীপক বর্মণ। কৃষি দপ্তরের গুরুভার যাচ্ছে দুধকুমার মণ্ডলের হাতে। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ হতে পারেন পর্যটন মন্ত্রী। বন ও পরিবেশ দপ্তর পেতে পারেন মনোজ ওঁরাও। এই তালিকা এখনও আনুষ্ঠানিক নয়, সরকারি ঘোষণার পরই চূড়ান্ত হবে।
শপথের পর দপ্তর বণ্টন নিয়ে এক সপ্তাহের জল্পনার অবসান হতে চলেছে। সূত্রের দাবি, অভিজ্ঞ ও বিশ্বস্ত মুখেদের হাতেই গুরুত্বপূর্ণ দপ্তর তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে নবান্ন সূত্রে খবর।
