Indian Railway : ‘অকারণে রেল অবরোধ বরদাস্ত নয়’, কড়া হুঁশিয়ারি রেলের !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- মহিলা কামরা বাড়ানো নিয়ে পুরুষ যাত্রীদের একাংশের আপত্তিতে মঙ্গলবার শিয়ালদহ দক্ষিণ শাখায় তিন ঘণ্টা রেল অবরোধ। বাতিল ১২টি লোকাল, চরম হয়রানি ২০ লক্ষ যাত্রীর। এই ঘটনার পর কড়া বিবৃতি দিল পূর্ব রেল। জানিয়ে দিল, অকারণে অবরোধ করলে রেলওয়ে আইনে ৫ বছর পর্যন্ত জেল ও ২ হাজার টাকা জরিমানা হতে পারে।
প্রসঙ্গত, কয়েক মাস আগে শিয়ালদহ শাখায় মহিলা কামরার সংখ্যা বাড়ানো হয়। আগে শুধু একটি কামরা মহিলাদের জন্য বরাদ্দ ছিল। এখন তার সঙ্গে জেনারেল কামরার অর্ধেকও মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। ফলে মোট তিনটি কামরা মহিলাদের দখলে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই মঙ্গলবার শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে প্রায় তিন ঘণ্টা ধরে চলে রেল অবরোধ।
রেল কর্তৃপক্ষের সাফ বক্তব্য, এই বিরোধের কোনও যৌক্তিকতা নেই। শিয়ালদহ দক্ষিণ শাখায় মোট যাত্রীর প্রায় ২৫ শতাংশই মহিলা। তাঁরা দীর্ঘদিন ধরে সংরক্ষিত আসন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি মেনেই পদক্ষেপ করেছে রেল। পাশাপাশি পুরুষ যাত্রীদের সমস্যা মেটাতে ইতিমধ্যেই এই শাখায় ২ জোড়া অতিরিক্ত ট্রেন চালানো শুরু হয়েছে।
অবরোধের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। ব্যস্ত সময়ে বাতিল হয় অন্তত ১২টি লোকাল ট্রেন। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। এরপরই কড়া বিবৃতি দেয় পূর্ব রেল। স্পষ্ট জানানো হয়, শিয়ালদহের মতো শাখায় যেখানে প্রতিদিন ২০ লক্ষ যাত্রী যাতায়াত করেন, সেখানে এভাবে অবরোধ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। রেলওয়ে আইন অনুযায়ী দোষীদের ৫ বছর পর্যন্ত জেল এবং ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেনের সংখ্যা বাড়াতে একাধিক বড় প্রকল্পের কাজ চলছে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। সোনারপুর-ক্যানিং, বারুইপুর-ডায়মন্ড হারবার, বারুইপুর-লক্ষ্মীকান্তপুর এবং ৫ মাইল-বজবজ লাইনে আধুনিক স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের কাজ চলছে। ডায়মন্ড হারবার ও ক্যানিংয়ে তৈরি হচ্ছে নতুন স্ট্যাবলিং ইয়ার্ড। রেলের দাবি, চলতি বছরেই এই সব প্রকল্পের কাজ শেষ হবে। কাজ শেষ হলে ব্যস্ত সময়ে আরও বেশি ট্রেন চালানো সম্ভব হবে।
মহিলা যাত্রীদের সুরক্ষা ও সুবিধার কথা মাথায় রেখেই কামরা বাড়ানোর সিদ্ধান্ত, দাবি রেলের। অন্যদিকে পুরুষ যাত্রীদের ভিড়ের চাপ কমাতে অতিরিক্ত ট্রেন ও পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। তবে যাত্রীদের স্বার্থে রেলের স্পষ্ট বার্তা, অকারণে অবরোধ করে জনভোগান্তি তৈরি করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে।
